বিদ্যুচ্চালিত গাড়ি হতে যাচ্ছে সনি’র ‘সবচেয়ে বড় জুয়া’
বহনযোগ্য মিউজিক প্লেয়ার থেকে শুরু করে গেইম কনসোল পর্যন্ত হিসেব করলে সনির রয়েছে নতুন প্রুক্তি নিয়ে ‘জুয়া খেলার’ দীর্ঘ ইতিহাস। তবে, এবার বৈদ্যুতিক গাড়ির জগতে আনকোড়া বাজী জাপানি এই ভোক্তা প্রযুক্তি জায়ান্টকে নিয়ে যেতে পারে ঝুঁকির একটি নতুন মাত্রায়।
এ সপ্তাহেই প্রধান নির্বাহী কেনিচিরো ইয়োশিদা লাস ভেগাসের সিইএস প্রযুক্তি মেলায় যখন সনি মোবিলিটি প্রতিষ্ঠার কথা বলেন, তখন বিনিয়োগকারীদের অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছিল। এর পরপরই বৃহস্পতিবার এর শেয়ারমূল্য শতকরা সাত ভাগ কমে যায় বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা সেন্সর ও অন্যান্য ভোক্তা ইলেকট্রনিক্স এবং বিনোদনের নানা উপাদানে ভরা বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির চ্যালেঞ্জকে ছোট করে দেখেননি।
বিশ্লেষকদের অনুমান, সনি-ব্র্যান্ডেড গাড়ির প্রাথমিক লক্ষ্য হবে গাড়ি শেয়ারিং এবং রাইড হেইলিংয়ের মতো পরিষেবার জন্য একটি স্বচালিত এবং ইন্টারনেটে সংযুক্ত গাড়ি তৈরি করা, যা শেষ পর্যন্ত গাড়ির বিক্রর রেকর্ড ছাপিয়ে যেতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান মার্কেটসঅ্যান্ডমার্কেটসের অনুমান, “মবিলিটি অ্যাজ এ সার্ভিস” বা স্থানান্তর পরিষেবা বাজার ২০৩০ সালের মধ্যে চার হাজার কোটি ডলারে উন্নীত হতে পারে, যেটি গেল বছরে ছিল স্রেফ তিনশ’ কোটি ডলার।
কিন্তু বিশ্লেষকরা বলছেন, দুই বছর আগে লাস ভেগাসে প্রথম ঘোষণা দেওয়া প্রোটোটাইপ ভিশন-এস ইভি নিয়ে বাজারে শক্ত প্রতিযোগিতা গড়ে তুলতে হলে সনিকে সম্ভবত কারখানা ও মেশিনপত্রে প্রচুর বিনিয়োগ করতে হবে।
টোকিওর নাকানিশি রিসার্চ ইনস্টিটিউটের অটোমোটিভ বিশ্লেষক তাকাকি নাকানিশি কেনিচিরোর ঘোষণা সম্পর্কে বলেন, “জিতে আসার জন্য বাজীটি যথেষ্টই কঠিন হতে যাচ্ছে।”
বিদ্যুচ্চালিত গাড়ির জগতে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান টেসলা প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনে ২০০৮ সালে। এই শিল্পে বিপ্লব তৈরি করতে প্রতিষ্ঠানটি বহু বিলিয়ন ডলার ঢেলেছে। এতে বিনিয়োগকারীদের সমর্থন ছিল বলেই প্রতিষ্ঠানটি বছরের পর বছর লোকসান গুণে যেতে পেরেছে।
এখন বিদ্যুচ্চালিত গাড়ির জগতে দ্রুততর পরিবর্তন আসার সময় হয়েছে। কার্বন নির্গমন হ্রাস করার চেষ্টায় বিভিন্ন দেশ পেট্রল এবং ডিজেল চালিত গাড়ির ব্যবহার বন্ধ করার উদ্যোগ নিচ্ছে। এই পরিবর্তন নির্মাতা প্রতিষ্ঠানগুলিকে সহায়তাই করবে কারণ তেলে চলা গাড়ি তৈরির চেয়ে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন অপেক্ষাকৃত সহজ।
নাকানিশি বলেন, সনি এখন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণের হাত ধরে ভাগ্য গড়ার কাফেলায় আইফোন নির্মাতা অ্যাপল, দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিক্স এবং তাইওয়ানের ফক্সকনের সঙ্গে যোগ দিচ্ছে।
তবে, এই প্রতিষ্ঠানগুলোর প্রতিটিকেই তাদের তৈরি গাড়ি রাস্তায় চলাচলের উপযোগী করতে অনেকগুলো নিরাপত্তা শর্ত ও বিধিমালা মেনে চলতে হবে। বলার অপেক্ষা রাখে না, এই বিধিমালা অন্যন্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরির বিধির তুলনায় অনেক কঠোর। এরপর যানবাহনের যন্ত্রাংশগুলোকে রাস্তার সম্ভাব্য সবরকম পরিস্থিতি এবং বাইরের তীব্র আবহাওয়া সহ্য করার উপযোগী হতে হবে।
নাকানিশি বলছেন, “টেসলা যা করেছে সনি তা করতে পারবে না, বাধা অনেক বেশি।” তিনি যোগ করেন, জাপানি এই নির্মাতার জন্য সহজ পন্থা হবে ফক্সকনের মতো প্রতিষ্ঠানে যানবাহন উৎপাদন আউটসোর্স করা।
সনি এখনও বলেনি তারা নিজেদের ব্র্যান্ডেড গাড়ি তৈরি করবে কিনা বা করলে কীভাবে করবে। প্রোটোটাইপ তৈরির জন্য সনি কানাডিয়ান অটোপার্টস নির্মাতা ম্যাগনা ইন্টারন্যাশনালের মালিকানাধীন অস্ট্রিয়ার একটি কারখানার সঙ্গে অংশীদারিত্ব করেছে। প্রতিষ্ঠানটি বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্জ এবং টয়োটাসহ বিভিন্ন নির্মাতার জন্য গাড়ি তৈরি করে।
পুরোনো বনাম নতুন
বিদ্যুচ্চালিত গাড়ির ছোট বাজারে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমশ সেটি প্রচলিত তেলে চলা গাড়িকে সংখ্যায় ছাড়িয়ে যাচ্ছে এবং এ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে টেসলা।
টেসলার বাজার মূলধন এখন টয়োটার তুলনায় প্রায় চারগুণ, যদিও বছরে টেসলার তৈরি গাড়ির সংখ্যা বিশ্বের বৃহত্তম গাড়ি উৎপাদকের মাত্র এক দশমাংশ।
এরই মধ্যে টয়োটা, জেনারেল মোটর্স, ফোক্সভাগেন এবং ক্রাইসলারের মালিক প্রতিষ্ঠান স্টেলান্টিসের মতো প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতারা শত শত বিলিয়ন ডলার পকেটে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। আর এটি সনির মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির জন্য প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে।
এরই মধ্যে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির শখ মিটে গেছে। এই পথে ঝুঁকি অত্যন্ত বেশি।
ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার উদ্ভাবক জেমস ডাইসন রাস্তায় গাড়ি নামানোয় জটিলতার কারণে তার বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা বাতিল করে দেন ২০১৮ সালে। এদিকে জাপানে সনির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান প্যানাসনিকও বাদ দিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির পরিকল্পনা।
