উৎপাদন লাইন ছেড়ে বেরোলো সর্বশেষ এয়ারবাস এ৩৮০
শেষ পর্যন্ত এ৩৮০ সুপারজাম্বো অধ্যায়ের পর্দা নামালো উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস। সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এমরিটসের বহরে যোগ হওয়া ১২৩তম এ৩৮০ সুপারজাম্বোটিই এয়ারবাসের নির্মিত সর্বশেষ ‘ডাবল-ডেকার এয়ারলাইনার’।
এ৩৮০ সত্যিই একটি বিশেষ উড়োজাহাজ আখ্যা দিয়ে এমিরেটস প্রেসিডেন্ট টিম ক্লার্ক এক বিবৃতিতে বলেছেন, “এমিরেটসের জন্য এটি আমাদের ভ্রমণ অভিজ্ঞতা নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ দিয়েছিল। আগামী বছরগুলোতেও এমিরেটসের ফ্ল্যাগশিপ বাহক হিসেবে থাকবে এ৩৮০, থাকবে আমাদের নেটওয়ার্ক পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে।
ইতিহাসের সর্ববৃহত যাত্রীবাহী উড়োজাহাজ ‘ডাবল-ডেকার’ এ৩৮০। বোয়িং ৭৪৭-এর সঙ্গে টক্কর দেওয়ার লক্ষ্য নিয়েই উড়োজাহাজটির নকশা করেছিল এয়ারবাস। তিন শ্রেণি বিন্যাসে দুই ডেকে সব মিলিয়ে সাড়ে পাঁচশ যাত্রী বহনে সক্ষম ছিল উড়োজাহাজটি। কনফিগারেশন ভেদে আট হাজার থেকে নয় হাজার দুইশ’ নটিকাল মাইল পর্যন্ত উড়ার সক্ষমতা আছে এ৩৮০-র। প্রতিটি উড়োজাহাজের অভ্যন্তরীণ তারের সংযোগ দৈর্ঘ্যই ছিল ৩১০ মাইল।
বিশ্ববাজারে এয়ারবাস এ৩৮০ সুপারজাম্বোর সবচেয়ে বড় ক্রেতা ছিল এমিরেটস। উড়োজাহাজগুলোকে নিজেদের ফ্ল্যাগশিপ পণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে প্রিমিয়াম মানের লাউঞ্জ ও গোসলখানা বসিয়েছিল এমিরেটস।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, বিভিন্ন বিষয় বিবেচনা আলাদা গুরুত্ব পেলেও এয়ারলাইনার হিসেবে জীবনকাল বেশ ছোটই ছিল এ৩৮০’র। বোয়িং ৭৪৭ উড়োজাহাজগুলো তৈরি এবং বিক্রি চলেছে পাঁচ দশকের বেশি সময় যাবত। সেই তুলনায় মাত্র ১৫ বছর এই মডেলের উড়োজাহজগুলো বানিয়েছে এয়ারবাস। সব মিলিয়ে ২৫১টি এ৩৮০ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
বেশিরভাগ এয়অরলাাইনের জন্যই বেশি ব্যয়বহুল ছিল এ৩৮০। প্রতিটি এ৩৮০-র নির্মাণ খরচ ছিল প্রায় ৫০ কোটি ডলার করে। পরিচালন ও ব্যবস্থাপনা খরচ বেশি হওয়ায় এ৩৮০ নিয়ে আগ্রহী হলেও বেশিরভাগ এয়ারলাইন শেষ পর্যন্ত বেছে নিয়েছে বোয়িং ৭৭৭ বা এয়ারবাস ৩৫০-এর মতো তুলনামূলক ছোট দুই ইঞ্জিনের উড়োজাহাজ।
