লগ৪জে নিয়ে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের ডাক সরকারের
জার্মান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এবং মার্কিন সরকারি সংস্থার বিপরীতমুখী ঘোষণার পর লগ৪জে সিস্টেমের দুর্বলতা নিয়ে “সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার” ডাক দিয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম।
সরকারের ডিজিটাল নিরাপত্তা সংস্থা (বিজিডি ই-গভ সার্ট)-এর সাইবার সেন্সর ইউনিটের নিয়মিত পর্যবেক্ষণে অ্যাপাচি লগ৪জে সফটওয়্যার লাইব্রেরি সংস্করণ ২.০ বেটা ৯ থেকে ২.১৪.১ পর্যন্ত রিমোট কোড এক্সিকিউশন নিরাপত্তা ত্রুটি “সিভিই-২০২১-৪৪২২৮” চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন বিজিডি ই-গভ সার্ট-এর প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ।
লগ৪জে বিভিন্ন ধরনের ভোক্তা এবং এন্টারপ্রাইজ পরিষেবা, ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন-এর পাশাপাশি অপারেশনাল প্রযুক্তি পণ্যগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এই নিরাপত্তা ত্রুটি সংক্রান্ত ক্ষতির তীব্রতা নিরূপণের জন্য বিজিডি ই-গভ সার্টের ল্যাবে সিভিই-২০২১-৪৪২২৮/লগ৪শেল পরীক্ষা করা হয়েছে এবং এই ত্রুটির সুযোগ নিয়ে “সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব” বলে সংস্থাটি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে।
“এটি একটি ক্রিটিকাল ভালনেরাবিলিটি হিসেবে চিহ্নিত হয়েছে যার সিভিএসএস স্কোর ১০ এর মধ্যে ১০ যা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ।”
এই ত্রুটি যুক্ত অ্যাপ্লিকেশনের সুযোগে সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত করবার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যকে সম্পূর্ণ এনক্রিপ্ট করে ফেলা সম্ভব বলে উল্লেখ রয়েছে ওই মেইলে।
এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম যে যে সাবধানতা অবলম্বন করতে বলেছে, তার মধ্যে রয়েছে-
লগ৪জে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন চিহ্নিত করা এবং ইতিমধ্যে কোন সাইবার আক্রমণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট লগ নিরীক্ষা করা।
লগ৪জে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন যে সুরক্ষা প্যাচ প্রকাশ করেছে সেটি ব্যবহার করে লগ৪জে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন হালনাগাদ করা। প্যাচটি পাওয়া যাবে https://logging.apache.org/log4j/2.x/security.html ঠিকানায়।
সম্ভাব্য এই ধরনের সাইবার আক্রমণ চিহ্নিত এবং প্রতিহত করতে শক্তিশালী ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইনস্টল ও অটো-আপডেট চালু রাখা।
ডেটার নিরাপদ ব্যাকআপ নিশ্চিত করা।
সাইবার নিরাপত্তা সংক্রান্ত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাইবার নিরাপত্তা মনিটরিং নজরদারি জোরদার করা।
সংশ্লিষ্ট খবর:
