২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লগ৪জে: সুর পাল্টেছে মার্কিন কর্তৃপক্ষ, ‘প্রভাব সীমিত’

লগ৪জে দুর্বলতা নিয়ে সর্বোচ্চ সতর্কতার ডাক দেওয়ার পর এবার সুর পাল্টেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ)’ বলছে, যতোটা গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছিল, তেমন গুরুতর কোনো সাইবার আক্রমণের ঘটনা ঘটেনি এখনও।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 04:49 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

সিআইএসএ বলছে, বিভিন্ন দেশের সরকার লগ৪জে দুর্বলতার সুযোগ নিয়ে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির চেষ্টা করছে বা বিভিন্ন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান র‌্যানসমওয়্যারের উপস্থিতি চিহ্নিত করেছে-- এমন খবরগুলো এখনও নিশ্চিত করতে পারেননি তারা।

“আমরা বিস্তৃত, অতি উন্নত অনুপ্রবেশ চেষ্টা দেখিনি এখনও”-- সংবাদকর্মীদের বলেছেন সিআইএসএ’র নির্বাহী সহ-পরিচালক এরিক গোল্ডস্টাইন।

তবে, সাইবার নিরাপত্তা ঝুঁকিটি আরও বিবর্তিত হতে থাকবে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। কোন ধরনের সফটওয়্যার ওই দুর্বলতার ভুক্তভোগী হচ্ছে, সংস্থাটি সে বিষয়ে এখনও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে রয়টার্স। 

ইন্টারনেট রাউটারের মতো ভোক্তা পণ্যগুলো লগ৪জে ঝুঁকির ভুক্তভোগী হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন গোল্ডস্টাইন। এই ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’র কর্মীরা বিক্রেতাদের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

মূল দুর্বলতা লগ-ইন টুল লগ৪জে-তে উপস্থিত হলেও এটি ওপেন-সোর্স সফটওয়্যার হওয়ায় হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়েছে অন্তত কয়েকশ’ প্রোগ্রাম। হ্যাকারদের জন্য দুর্বলতাটির সুযোগ নেওয়া সহজ কাজ বলে উল্লেখ করেছেন গোল্ডস্টাইন।

রয়টার্স বলছে, লগ৪জে দুর্বলতা মোকাবেলার জন্য একটি প্যাচ উন্মুক্ত করা হয়েছে ৬ ডিসেম্বরেই। কিন্তু সাইবার অক্রমণকারীরা যেন নেটওয়ার্কে প্রবেশাধিকার না পায়, সেটা নিশ্চিত করতে অন্যান্য প্রোগ্রামগুলোকেও ওই প্যাচটির প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সকল মার্কিন সংস্থাকে ওই প্যাচ ইনস্টল করিয়েছে সিআইএসএ। গোল্ডস্টাইন বলছেন, অন্তত মার্কিন সরকারের কোনো কম্পিউটার ব্যবস্থায় ওই সাইবার দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকিংয়ের কোনো খবর জানা নেই তার। তবে “সব ধরনের প্রতিপক্ষই” এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে আশঙ্কা করছে সিআইএসএ। 

রয়টার্স জানিয়েছে, লগ৪জে দুর্বলতার সুযোগ নিয়ে সার্ভারের নিয়ন্ত্রণ দখল করে নেওয়া সম্ভব হ্যাকারদের জন্য। আরও গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখা হয়েছে এমন কম্পিউটার বা নেটওয়ার্কে ওই সার্ভার থেকে প্রবেশাধিকার থাকলে, বেহাত হয়ে যেতে পারে ওই ডেটাও।

লগ৪জে টুলে ওই দুর্বলতাটির উপস্থিতি বেশ কয়েক বছরের হলেও সম্প্রতি এটি আবিষ্কার করেছেন চীনা টেক জায়ান্ট আলিবাবা’র এক গবেষক। গোল্ডস্টাইন বলছেন, প্যাচ উন্মুক্ত করার আগেই দুর্বলতার বিষয়টি প্রকাশ করা “দুশ্চিন্তার বিষয়”। চীনের বর্তমান নীতিমালা অনুযায়ী, ক্ষেত্রবিশেষে অন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে চীন সরকারকে নিজেদের আবিষ্কার সম্পর্কে জানান দিতে হয় সাইবার নিরাপত্তা গবেষকদের।

পুরনো খবর:

লগ৪জে নিয়ে এবার ‘সর্বোচ্চ সতর্কবার্তা’ বাইডেন প্রশাসনের
বিপদ সংকেত জারি করেছে জার্মান সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক