২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবভিত্তিক ক্রিপ্টো-টোকেনে কোটি ডলার খরচ করছেন ফুটবল ভক্তরা

ভক্তদের কাছে ক্রিপ্টো টোকেন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ কামাচ্ছে ইউরোপের ফুটবল ক্লাবগুলো। আনুমানিক ৩৫ কোটি ডলার খরচ হয়েছে ক্লাবভিত্তিক ভার্চুয়াল মুদ্রার পেছনে; এর মধ্যে কিছু ক্রিপ্টো টোকেন বাজারজাত করা হচ্ছে ক্রেতাকে সেটি থেকে বাস্তব জীবনে লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 05:39 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

ক্লাবভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ও টোকেন লেনদেন নিয়ে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে বিবিসি’র অনুসন্ধান থেকে। বিশ্লেষকরা বলছেন, ব্যয়বহুল ক্রিপ্টো-টোকেন থেকে যে বাস্তব সুবিধার প্রতিশ্রুতি দাওয়া হচ্ছে, তার বেশিরভাগই গুরুত্বপূর্ণ কিছু নয়। স্টেডিয়ামে কোন গান চালানো হবে, সেটি নির্ধারণ প্রক্রিয়ায় ভোট করার সুযোগের মতো ‘বাস্তবে প্রযোজ্য সুবিধা’ মিলছে ফুটবল ক্লাবের ক্রিপ্টো টোকেন থেকে।

ক্লাবভিত্তিক ক্রিপ্টোকারেন্সি

বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচটি ইউরোপিয়ান লিগের অন্তত ২৪টি ভিন্ন ভিন্ন ক্লাব হয় ইতোমধ্যেই ক্রিপ্টো-টোকেন প্রচলন করেছে অথবা খুব শিগগিরই করার কথা ভাবছে। ক্রিপ্টো-টোকেন প্রযুক্তিতে সংযুক্ত হয়েছে প্রিমিয়ার লিগের দলগুলোও।

ক্রিপ্টোকারেন্সি ও টোকেন, দুটোই হচ্ছে ক্লাবভিত্তিক। ক্লাবভিত্তিক ভার্চুয়াল মুদ্রার লেনদেন হচ্ছে মূল ধারার ভার্চুয়াল মুদ্রার আদলে; আছে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে দামের ওঠা নামাও। ম্যানচেষ্টার সিটির মতো কয়েকটি ক্লাব এরই মধ্যে এনএফটি বা নন-ফাঞ্জিবল টোকেনও বিক্রি করা শুরু করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ক্লাবভিত্তিক ক্রিপ্টো মুদ্রা ও টোকেনের প্রচলন এবং পরবর্তী লেনদেনের বিষয়গুলো দেখছে ‘সোশিওস’ নামের একটি প্রতিষ্ঠান। তবে এখাতে বাইন্যান্স এবং বিটসি’র মতো ডিজিটাল মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের উপস্থিতিও বাড়ছে।

বিবিসি জানিয়েছে, নিজস্ব অ্যাপের মাধ্যমে ২৭ থেকে ৩০ কোটি ডলারের কয়েক বিক্রি করার দাবি করেছে সোশিওস।  তবে ফুটবল ক্লাবগুলো এখান থেকে কী পরিমাণ অর্থ কামিয়েছে সে প্রসঙ্গে মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

এক্ষেত্রে ভক্ত বা ক্রেতাকে প্রথমে নিজের অর্থ সোশিওসের নিজস্ব ডিজিটাল কয়েন ‘চিলিজ’-এ রূপান্তর করতে হয়। তবে, প্রতিবেদন বলছে, অভিষেকের পর থেকে দাম পড়েছে ক্লাবভিত্তিক ফ্যান টোকেনগুলোর।

প্রিমিয়ার লিগের সবগুলো দল এবং ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে খুশি মনে বার্তাসংস্থাটির অনুসন্ধানের উত্তর দিয়েছেন কেবল একটি ক্লাবের মুখপাত্র।

ব্রিটিশ ফুটবল ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, “আমরা এই পণ্যগুলো বিক্রি করিনি এবং এই বাজারে প্রবেশের কোনো পরিকল্পনাও নেই আমাদের।”

ফ্যান টোকেন বিক্রি করে সবচেয়ে বেশি অর্থ কামাচ্ছে লাজিও, ম্যানচেস্টার সিটি, পোর্তো এবং সান্তোস। ফ্যান টোকেন থেকে সবচেয়ে বেশি কামাই করেছে লাজিও-- ১৩ কোটি ডলার। অভিষেকের পর থেকে দাম সবচেয়ে বেশি কমেছে ম্যানচেষ্টার সিটি এবং লাজিও টোকেনের। যথাক্রমে ৫০ ও৭০ শতাংশ কমেছে দুই ক্লাবের ফ্যান টোকেনের দাম। চমকপ্রদ বিষয় হলো, ফ্যান টোকেনের দাম বেড়েছে ইন্টার মিলান ও তুরস্কের ক্লাব ট্যাবজোনস্পোরের। বছর জুড়ে দুই ক্লাবের ফ্যান টোকেনের মূল্য বৃদ্ধির হার ছিল মূল ধারার বিটকয়েনের চেয়েও বেশি।

বিশ্লেষকরা বলছেন, ভক্তদের মধ্যে হাতে হাতে ঘুরবে, এমন পণ্যের বিবেচনায় প্রত্যাশার চেয়ে বেশি লেনদেন হচ্ছে ফ্যান টোকেনগুলো নিয়ে। এ ধরনের পণ্যের ক্রেতা সংখ্যায় কম বলে সাধারণত লেনদেনের বাজারটিও হয় অস্থিতিশীল। বেশিরভাগ ক্রেতাই কম সময়ে বেশি মুনাফা কামাইয়ের লক্ষ্যে ওই টোকেনগুলো কিনছেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।”

কলকাঠি নাড়ছে ক্লাবগুলো

ক্লাবভিত্তিক ক্রিপ্টো-টোকেন লেনদেন প্রসঙ্গে সমালোচনার আরেকটি বিষয় হলো ক্লাবগুলোর কর্মকাণ্ড। বেশিরভাগ টোকেন ভক্তদের কাছে বিক্রি না করে নিজের হাতেই রাখছে ক্লাবগুলো। ফলে আরও অস্থিতিশীল হচ্ছে ওই বাজার।

১৩টি ক্লাবের হাতে অন্তত একশ’ ৯০ কোটি ডলারের ফ্যান টোকেন রয়েছে। কিন্তু ভক্ত ক্রেতাদের হাতে আছে ৩৭ কোটি ৫০ লাখ ডলারের টোকেন। গড়ে ফ্যান টোকেনের ৮০ শতাংশই রয়েছে ক্লাবগুলোর হাতে।

শঙ্কিত ভক্তরাও

“এটা নিয়ন্ত্রিত নয়, এটা নিরাপদও নয় এবং আমার প্রশ্ন হচ্ছে ভক্তদের জন্য কী নিরাপত্তা ব্যবস্থা রেখেছে ক্লাবগুলো।”-- বিবিসি’র কাছে এই মন্তব্য করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সমর্থক সু ওয়াটসন।

সোশিওসের অ্যাপটিতে ক্লাব ভিত্তিক টোকেনের তথ্য দেখানো হয় অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটপ্লেসের আদলে।  তবে, সোশিওসের কর্মকর্তা ম্যাক্স রবিনোভিচ বলছেন, অ্যাপটির লেনদেন ব্যবস্থা এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন টোকেন দ্রুত বিক্রি করে মুনাফা কামানোর বদলে লম্বা সময় ধরে রাখতেই আগ্রহী হন ভক্তরা।

এনএফটি লেনদেন চলছে এখাতেও

ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তির মাধ্যমে কামাই বাড়াতে এনএফটি-ও বিক্রি করছে বেশ কয়েকটি ক্লাব। আনুষ্ঠানিকভাবে নিজস্ব এনএফটি বিক্রি করা শুরু করেছে ম্যানচেস্টার সিটি, রেঞ্জারস এবং জুভেন্টাস। ভক্তদের কেউ কেউ ক্ষেত্রবিশেষে হাজার হাজার ডলার খরচ করছেন ছবি ও ভিডিওর ডিজিটাল কপিগুলোর পেছনে।

এনএফটি সংগ্রহকারী মাইক বাওসিস জানান, পাঁচটি এনএফটি’র পেছনে ৪০ হাজার মার্কিন ডলার খরচ করেছেন তিনি। শুধু দুটি এনএফটি বেচে ম্যানচেষ্টার ইউনাইটেড ৮০ হাজার ডলার কামিয়েছে-- এমন ইঙ্গিতও মিলছে বলে জানিয়েছে বিবিসি।