‘দুর্বল’ ক্যামেরা থাকবে পিক্সেলের ফোল্ডএবল সংস্করণে
পিক্সেল স্মার্টফোনের ফোল্ডএবল সংস্করণ নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছে গুগল। সংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালে স্মার্টফোনটি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে গুগলের। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি ফোল্ডএবল পিক্সেল নিয়ে মুখ না খুললেও প্রযুক্তি পণ্যের বাজারে খবর রটেছে, ফোনটিতে তুলনামূলক ‘দুর্বল’ ক্যামেরা সেন্সর দেবে গুগল।
৯টু৫গুগলের এক প্রতিবেদন বলছে, ফোল্ডএবল পিক্সেলের সাঙ্কেতিক নাম দেওয়া হয়েছে ‘পিপিট’। ডিভাইসটিতে থাকবে ১২.২ মেগাপিক্সেল সেন্সর যা পিক্সেল ৩ ও ৫– এর মাঝের ডিভাইসগুলোতে ব্যবহার করেছিল গুগল। অন্যদিকে নতুন পিক্সেল লাইনআপে ব্যবহৃত হচ্ছে ৫০ মেগাপিক্সেলের জিএন১ ক্যামেরা।
বলা হচ্ছে, ১২ মেগাপিক্সেল আইএমএক্স৩৮৬ আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে পিপিটে। এছাড়াও সামনের দুই ক্যামেরায় থাকবে আট মেগাপিক্সেলের আইএমএক্স৩৫৫ সেন্সর।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ফোল্ডএবলের মূল ক্যামেরার সক্ষমতা পিক্সেল ৬ লাইনআপের মতো শক্তিশালী না হওয়ার পেছনের মূল কারণ ফোনের আকার।
সাধারণ আকারের ফোনগুলোতে ক্যামেরা সেন্সরের জন্য যথেষ্ট জায়গা থাকে। কিন্তু ফোল্ডএবলের ক্ষেত্রে আকারের কথাটি মাথায় রাখতে হয়। ভাঁজ করা অবস্থাতে এমনিতেই দ্বিগুণ পুরু হয়ে যায় ফোনটি। তাই ফোল্ডএবল ফোনের নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্যামেরা প্রোফাইল বেছে নেওয়াই গুগলের জন্য যৌক্তিক।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং-ও একই কাজ করেছে; ফ্ল্যাগশিপ এস সিরিজের ডিভাইসের তুলনায় নিজেদের ফোল্ডএবল ডিভাইসে তুলনামূলক দুর্বল ক্যামেরা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি জেড ফোল্ড ৩-এর ক্যামেরা গ্যালাক্সি এস২১ ডিভাইসগুলোর চেয়ে কম ক্ষমতার।
