চিপ সঙ্কটে হার্ডওয়্যার উন্নয়নে প্রভাব পড়েছে নিনটেনডোর
বৈশ্বিক চিপ সঙ্কটের আঁচ এড়াতে পারেনি জাপানের গেইমিং প্রতিষ্ঠান নিনটেনডো। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের হার্ডওয়্যার উৎপাদনে প্রভাব পড়ার কথা জানিয়েছে।
জাপানের এ কনসোল নির্মাতা বলছে, “সেমিকন্ডাক্টর পরিস্থিতি হার্ডওয়্যার উন্নয়নে কিছুটা প্রভাব ফেলছে। আমরা বিকল্প উপাদান ও পরিবর্তিত নকশার মাধ্যমে প্রভাব কমানোর চেষ্টা করবো।”
রয়টার্সের প্রতিবেদন বলছে, চিপ সঙ্কটের মুখে সুইচ ডিভাইসের বিক্রি প্রত্যাশাতে রাশ টেনেছে নিনটেনডো। হার্ডওয়্যার উন্নয়নে প্রভাব পড়ার খবর জানানোর একদিন আগেই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শুনতারো ফুরুকাওয়া জানান, চিপ সঙ্কট কমার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় নিজেদের পুরো এক বছরের সুইচ বিক্রির পূর্বানুমান বাদ দিচ্ছেন তারা।
জাপানের কিয়োটো ভিত্তিক এ প্রতিষ্ঠানটি নিজেদের কনসোল ব্যবসার উপর অনেকটাই নির্ভরশীল। ঠিক এমন একটি সময় প্রতিষ্ঠানটি প্রতিবন্ধকতার সম্মুখীন হলো যখন মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নিজেদের সাবস্ক্রিপশন ও ক্লাউড গেইমিং সেবার পরিসর বাড়াতে কাজ করছে।
নিজেদের পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যার নিয়ে শুক্রবার মন্তব্য করতে রাজি হয়নি নিনটেনডো। রয়টার্স বলছে, নিজেদের প্রাতিষ্ঠানিক স্লাইডে “সমন্বিত হার্ডওয়্যার-সফটওয়্যারের পরবর্তী গেইমিং সিস্টেম” এর দিকে ইঙ্গিত করেছে প্রতিষ্ঠানটি।
