২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ফিলিস্তিনের কণ্ঠরোধ করছে: ডিজিটাল অধিকারকর্মী

সবচেয়ে প্রভাবশালী সামাজিক মাধ্যম হিসেবে পরিচিত ফেইসবুকের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের ডিজিটাল অধিকারকর্মীরা। তাদের অভিযোগ, ইসরায়েলের চাপে দেশটির সমালোচনা করে এমন পোস্ট সেন্সর করছে ফেইসবুক। প্রতিষ্ঠানটির এমন কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে প্রচারণায় নেমেছেন ওই অধিকারকর্মীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 03:37 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

বার্তাসংস্থা রয়টার্স বলছে, ফিলিস্তিনের অধিকারকর্মীদের মূল অভিযোগ হচ্ছে তাদের রাজনৈতিক পোস্টগুলো হয় মুছে দিচ্ছে ফেইসবুক নয়তো ফিডের একদম নিচে নামিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটির অ্যালরিদম। একই পরিস্থিতি বিরাজ করছে ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামেও।  

ফিলিস্তিনের নাগরিকদের প্রতি ফেইসবুকের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে প্রচারণায় নেমেছে ‘৭আমলেহ (7amleh)’ নামের একটি ডিজিটাল অধিকারবিষয়ক সংস্থা। নিজেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে সোমবার ‘৭অর (7or)’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে সংস্থাটি। তাদের দাবি, এখন পর্যন্ত এ বছরে সাতশ’ ৪৬টি অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভূক্ত করেছেন তারা।

“ফিলিস্তিনের উপর একে যুদ্ধ হিসেবে দেখছি আমরা। এটা তাদের নিপীড়ণ ও কষ্ট নিয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টা।”-- বলেন ‘৭আমলেহ’ প্রতিষ্ঠাতা নাদিম নাশিফ।

ফিলিস্তিনের ডিজিটাল অধিকারকর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের প্রতিক্রিয়া জানতে চাওয়ার প্রেক্ষিতে স্বাধীন ‘ওভারসাইট বোর্ড’ থেকে আসা পরামর্শের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বর মাসে হিব্রু ও আরবি ভাষার কন্টেন্ট মডারেশন প্রসঙ্গে স্বাধীন তদন্তের পরামর্শ দিয়েছিল ওভারসাইট বোর্ড। সেবার ওভারসাইট বোর্ডের পরামর্শ অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছিল ফেসইবুক।

মে মাসে গাজায় ইসারায়েলি সামরিক বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের নাগরিকদের সংঘাত চলাকালীন ফেইসবুককে কন্টেন্ট মুছে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্র্যান্টজ। “যেসব উগ্রপন্থী লোক” তাদের দেশের “ক্ষতি করার চেষ্টা করছে” তাদের কন্টেন্ট মুছে দিতে ফেইসবুককে “আরও সক্রিয়” হতে বলেছিলেন তিনি।

তবে ফেইসবুকের অভ্যন্তরীণ নথিপত্র দেখার সুযোগ হয়েছে রয়টার্সের। ওই নথিপত্র অনুযায়ী ফিলিস্তিনের অধিকারকর্মী এবং লেখক মোহাম্মেদ এল-কুর্দ’র পোস্ট ফিডের নিচে নামিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগের কথা জানিয়েছিলেন ফেইসবুক কর্মীরাই। 

এল-কুর্দ জানিয়েছেন, মে মাসে ইসরায়েলি আগ্রাসন চলাকালীন ইনস্টাগ্রামে দেওয়া তার পোস্টগুলোতে ভিউয়ের সংখ্যা কমেছে ব্যাপক হারে। মে মাসে জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় সশস্ত্র অভিযান চালিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। শেখ জাররাহ জেরুজালেমের অংশ হলেও বেশিরভাগ বাসিন্দা ফিলিস্তিনের নাগরিক এবং ইসরায়েলি আগ্রাসনের কারণে নিজ বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়েন তারা।

“আমি অনেক দিন ধরেই সন্দেহ করছিলাম যে কোনো কারণ ছাড়াই আমার অ্যাকাউন্টের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েল সরকার যে ফিলিস্তিনের কণ্ঠকে হুমকি হিসেবে দেখে সেটা পরিষ্কার।”-- বলেন এল-কুর্দ।

ফিলিস্তিনের আরেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তালা ঘানাম জানান, নীতিমালা লঙ্ঘনের কথা বলে ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে মুছে দেওয়া হয়েছে তার পোস্ট। বিশেষ করে শেখ জাররাতে ইসরায়েলি আগ্রাসন বিরোধি যে পোস্টগুলোতে “#SaveSheikhJarrah” ট্যাগ ছিল, সেগুলো মুছে দেওয়া হয়েছে ফেইসবুকের প্ল্যাটফর্মগুলো থেকে।

“তখন আমার মনে হয়েছে আমার নিজের কোনো মতামত প্রকাশের অধিকারই নেই।”--বলেন তালা ঘাননাম।