২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের সুরক্ষায় অ্যাকাউন্ট ‘রিসেট’ করছে ক্লাবহাউস

এবার আফগানদের সুরক্ষায় ব্যবস্থা নিলো অডিও চ্যাটিং অ্যাপ ক্লাবহাউস। আফগান ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সব ব্যক্তিগত তথ্য সরিয়ে দিয়েছে সেবাটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 03:07 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, কাজটি করতে হাজার হাজার তালেবান নিয়ন্ত্রণে থাকা দেশটির ব্যবহারকারীর বায়ো এবং ছবি ‘রিসেট’ করতে হয়েছে ক্লাবহাউসকে। শুধু ব্যক্তিগত তথ্য মুছে দেওয়াই নয়, অ্যাকাউন্টগুলোকে সার্চে সহজে খুঁজে পাওয়াও কঠিন করে দিয়েছে সেবাটি।

ক্লাবহাউসের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের এ পদক্ষেপে ব্যবহারকারীর অনুসারীদের উপর কোনো প্রভাব পড়বে না। ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্টে এ পরিবর্তন সরিয়ে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।

তালেবানরা আফগানিস্তানে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নিজ নিজ অ্যাকাউন্ট এবং মোবাইল থেকে ছবি মুছে দেওয়া শুরু করেছেন। তালেবানদের রোষানলে পড়ার ভয়েই তারা এমনটি করছেন বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মানবাধিকার বা সুরক্ষার প্রয়োজনে ছদ্মনামের ব্যবহারে যে ক্লাবহাউসের সম্মতি রয়েছে, তা-ও আফগান ব্যবহারকারীদের মনে করিয়ে দিচ্ছে সেবাটি।

সাম্প্রতিক সময়ে অন্যান্য সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানও আফগানদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। যেমন, ফেইসবুক আফগান ব্যবহারকারীদের জন্য ‘ওয়ান-ক্লিক টুল’ নিয়ে এসেছে। ওই টুলের মাধ্যমে এক ক্লিকেই নিজ প্রোফাইল ‘লক’ করে নেওয়া যাবে।

এ প্রসঙ্গে ফেইসবুকের সুরক্ষা নীতি প্রধান নাথানিয়েল গ্লেশিয়ার জানিয়েছেন, প্রোফাইল লক থাকা অবস্থায় বন্ধু তালিকার বাইরের কেউ তাদের টাইমলাইনে থাকা পোস্ট দেখতে পারবেন না এবং প্রোফাইলের ছবি ডাউনলোড করতে ও শেয়ার করতে পারবেন না।

বর্তমানে আফগানিস্তান পরিস্থিতিতে তালেবান অ্যাকাউন্ট নিয়ে চাপের মুখে রয়েছে ফেইসবুক, টুইটার এবং ইউটিউবের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিজনেস ইনসাইডার বলছে, প্রতিষ্ঠানগুলোকে আগামীতে তালেবানদেরকে অফিশিয়াল অ্যাকাউন্ট প্রবেশাধিকার দিতে বলা হতে পারে।

গত সোমবার ফেইসবুক নিশ্চিত করেছে, তারা তালেবানকে উগ্রপন্থী দল হিসেবেই বিবেচনা করে। ফলে তালেবান এবং তালেবান সমর্থিত কন্টেন্ট তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ।