২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নাসার বিরুদ্ধে মামলা করে বসেছেন জেফ বেজোস

চাঁদের অবতরণ যান নির্মাণ নিয়ে স্পেসএক্সের সঙ্গে নাসার দুইশ’ ৯০ কোটি ডলারের একক চুক্তির বিরোধীতা করে মার্কিন আদালতে মামলা করেছে জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 07:06 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

নাসার আর্টেমিস প্রকল্পের জন্য হিউম্যান ল্যান্ডিং সিস্টেম’ (এইচএলএস) নির্মাণের চুক্তি ইলন মাস্কের স্পেসএক্সের হাতে যাওয়ার বিষয়টি যেন মানতেই পারছেন বেজোস। অভিযোগ তুলেছিলেন সরকারের বিধানিক শাখায়; নাসাকে দুইশ’ কোটি ডলার ছাড়ের প্রস্তাবও দিয়েছিলেন। কোনোটিতেই কাজ না হওয়ায় অবশেষে নাসার বিরুদ্ধে মামলা করে বসেছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান।

বিবিসি জানিয়েছে, ব্লু অরিজিনের পক্ষ থেকে মার্কিন আদালতে মামলাটি হয়েছে অগাস্টে দ্বিতীয় শুক্রবার। চাঁদের অবতরণ যান নির্মাণের জন্য একটি নয়, দুটি প্রতিষ্ঠান প্রয়োজন বলে মামলার নথিতেও দাবি করেছে ব্লু অরিজিন।

একই সঙ্গে নাসার বিরুদ্ধে নির্মাণ চুক্তির নিলামে “বেআইনী এবং অন্যায় মূল্যায়ন”-এর অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ব্লু অরিজিনের বদলে নাসার স্পেসএক্সের সঙ্গে চুক্তিতে যাওয়ার সিদ্ধান্তে “মৌলিক সমস্যা” আছে বলে শুরু থেকেই ওই ঘটনাকে অন্যায় বলে আখ্যা দিয়ে আসছেন বেজোস।

শুরুতে আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে এইচএলএস নির্মাণের জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়ার কথা ছিলো নাসার। তহবিল ঘাটতির কারণে এপ্রিল মাসে দুটি প্রতিষ্ঠানের বদলে একটির সঙ্গে চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

দুইশ’ ৯০ কোটি ডলারের পরিকল্পনা দিয়ে এইচএলএস নির্মাণ চুক্তির নিলাম জিতে নেয় ইলন মাস্কের স্পেসএক্স। এর বিপরীতে জেফ বেজোসের ব্লু অরিজিনের পক্ষ থেকে প্রস্তাবিত পরিকল্পনার খরচ দেখানো হয়েছিলো ছয়শ’ কোটি ডলার, যা স্পেসএক্সের দ্বিগুণ।

চন্দ্রাভিযান: নাসাকে দুই’শ কোটি ডলার ছাড়ের প্রস্তাব বেজোসের  

ব্লু অরিজিন-এর অভিযোগ প্রত্যাখ্যান, রায় গেলো নাসার পক্ষে  

পরিকল্পনায় দেখানো খরচের ভিত্তিতে স্পেসএক্সের সঙ্গে চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাসা। আর সেখান থেকেই শুরু বেজোস বনাম নাসা দ্বৈরথের।

এই প্রসঙ্গে ব্লু অরিজিন বলছে, “আমাদের বিশ্বাস যে, ন্যায্যতা পুনঃপ্রতিষ্ঠা, প্রতিযোগিতা তৈরি এবং চাঁদে যুক্তরাষ্ট্রের নিরাপদ অভিযান নিশ্চিত করার জন্য এই ক্রয় প্রক্রিয়ার যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এর সম্ভাব্য পরিণতি বিবেচনা করতেই হবে”।

এপ্রিলে নিলামের সময় নাসার হিউম্যান এক্সপ্লোরেশন প্রধান ক্যাথি লডার্স স্বীকার করেছিলেন যে বাজেট ঘাটতির কারণেই দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যেতে পারছে না নাসা। মার্কিন কংগ্রেসের কাছে তিনশ’ ৩০ কোটি ডলারের তহবিল চেয়েছিলো সংস্থাটি। তার বিপরীতে মিলেছে মাত্র ৮৫ কোটি ডলার।

এইচএলএস নির্মাণর চুক্তির ক্ষেত্রে মহাকাশে স্পেসএক্সের আগের মিশনগুলোর সাফল্য বিবেচনায় নেওয়া হয়েছিলো বলে জানিয়েছে নাসা। এছাড়াও, নির্মাণ পরিকল্পনার প্রস্তাবে সবচেয়ে কম খরচ দেখিয়েছিলো প্রতিষ্ঠানটি।

নিলামে হারের পর থেকে বিভিন্নভাবে আর্টেমিস প্রকল্পের অংশ হওয়ার চেষ্টা করে আসছেন বেজোস।  জুলাই মাসে নাসাকে দুইশ’ কোটি ডলারের এককালীন ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

ওই প্রস্তাবের আগে যুক্তরাষ্ট্রের সরকারি পর্যবেক্ষক সংস্থা ‘গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (জিএও)’-এর কাছে নাসার বিরুদ্ধে “অন্যায় আচরণ”-এর অভিযোগ তুলেছিলো বেজোসের ব্লু অরিজিন। সম্প্রতি জিএও-থেকেও প্রত্যাখ্যান করা হয়েছে ওই অভিযোগ।

ব্লু অরিজিনের করা মামলায় নাসাকে জবাব দিতে হবে ১২ অক্টোবরের মধ্যে। মামলা প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি স্পেসএক্স।

১৯৭২ সালের পর নাসার কোনো মহাকাশযান চাঁদে যায়নি। ২০২৪ সাল নাগাদ আর্টেমিস প্রকল্পের মাধ্যমে আবার চাঁদে ফেরার পরিকল্পনা করেছে সংস্থাটি।