চাইলে নিজেকে বানাতে পারবেন হিউ জ্যাকম্যানের ‘সহ অভিনেতা’
ভার্চুয়াল ভাবে হিউ জ্যাকম্যানের সঙ্গে পর্দায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিচ্ছে হলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। প্রতিষ্ঠানটির আসন্ন ‘রেমিনিসিনস’ চলচ্চিত্রের প্রোমোতে ব্যবহার করা হয়েছে ডিপফেইক প্রযুক্তি।
ওই প্রযুক্তির সাহায্যে আগ্রহীরা নিজেদের চেহারা স্ক্যান করে প্রোমোর ছোট একটি ভিডিও সিকোয়েন্সে নিজেকে জুড়ে নিতে পারবেন। ভিডিও সিকোয়েন্সটিতে উপস্থিত থাকবেন উলভারিন তারকা হিউ জ্যাকম্যান।
‘ডি-আইডি’ নামের এক মিডিয়া স্টার্টআপ প্রতিষ্ঠান রেমনিসিনস চলচ্চিত্রটির এই প্রোমো তৈরি করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট। শুরুতে স্টার্টআপটি ফেইশল রিকগনিশনের ক্ষেত্রে ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে পারবে এমন প্রযুক্তি তৈরিতে মাঠে নেমেছিলো। পরে তারা বুঝতে পারে যে তাদের প্রযুক্তিকে ডিপফেইকের কার্যকরী ব্যবহারেও কাজে লাগানো সম্ভব।
রেমিনিসিনসের এই প্রকল্পের জন্য আলাদা করে ‘ব্যানিস্টার অ্যান্ড অ্যাসোসিয়েটস’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে ডি-আইডি। আগ্রহীদেরকে ওই ওয়েবসাইট থেকে হিউ জ্যাকম্যানের সঙ্গে পর্দায় উপস্থিত হওয়ার অভিজ্ঞতা নিতে হবে।
শুরুতে সাইটটি নাম জিজ্ঞাসা করবে ও ছবি দিতে বলবে। আগ্রহীরা চাইলে নিজের বা অন্য কারো চেহারার ছবি আপলোড করতে পারবেন। ছবিটি নিজের না কি অন্য কারো এবং কতদিন আগে তোলা হয়েছে, তা-ও জানতে চাওয়া হবে সাইটটিতে। এরপর সাইটটি ছবিতে অ্যানিমেশন প্রয়োগ করে তা পর্দায় বসিয়ে দেবে।
এনগ্যাজেট মন্তব্য করেছে, অ্যানিমেশনকে নিখুঁত বলা চলে না, এমনকি চেহারাতেও কিছুটা বিকৃতি দেখা যেতে পারে। কিন্তু তারপরও এটি খারাপ নয়। কারণ প্রযুক্তিটি এ অভিজ্ঞতা উপহার দিচ্ছে শুধু একটি ছবি স্ক্যান করেই।
চাইলে হিউ জ্যাকম্যানের সঙ্গে পর্দায় আসার ভিডিও সিকোয়েন্সটি ডাউনলোড করে নিতে পারবেন আগ্রহীরা। আবার ভিন্ন ভিন্ন ছবি দিয়ে একাধিকবার সিকোয়েন্স তৈরির সুযোগও রাখা হয়েছে।
কল্পবিজ্ঞান রোমাঞ্চ ঘরানার চলচ্চিত্র ‘রেমিনিসিনস’ –এ দেখা যাবে “মনের ব্যক্তিগত তদন্তকারীর” ভূমিকায় নিক ব্যানিস্টার নামের এক চরিত্রকে। প্রোমোতেও এ বিষয়টিই ফুঁটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ডিপফেইক প্রোমোতে আগ্রহীরা নিজেদেরকে নিক ব্যানিস্টারের মক্কেল হিসেবে আবিষ্কার করবেন।
অগাস্টের ২০ তারিখ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমা হলের পাশাপাশি স্ট্রিমিং সাইট এইচবিও ম্যাক্সেও মিলবে এটি।
