‘টিকটকের মতো’ ভিডিও ফিড এলো আইওএস-এর রেডিটে
নিজেদের আইওএস অ্যাপে টিকটকের মতো ভিডিও ফিড নিয়ে এসেছে ইন্টারনেটের প্রথম পাতা নামে পরিচিত রেডিট। ওই ফিডের বদৌলতে এখন থেকে ভিডিও’র জন্য সম্পূর্ণ নিবেদিত একটি অংশ পাবেন রেডিট ব্যবহারকারীরা।
বাটনে শুধু একটি ট্যাপ করেই সোয়াইপ করা সম্ভব এমন ভিডিও সংগ্রহে পৌঁছে যাবেন তারা। তাদের যে যে সাবরেডিটে সাবস্ক্রিপশন রয়েছে সেখান থেকে নিবেদিত অংশে ভিডিও এসে হাজির হবে। এমনকি সংশ্লিষ্ট কমিউনিটির ভিডিওগুলোও ওই ফিডে দেখাবে রেডিট।
ব্যবহারকারীরা সরাসরি ফিড থেকেই ভিডিওতে ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ দিতে পারবেন, ‘কমেন্ট’ করতে পারবেন এবং ‘গিফট কার্ড’ পাঠাতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এ ধরনের একটি ভিডিও ফিচার রেডিটে আগে থেকেই ছিলো। তবে, সেখানে ভিডিও দেখার জন্য ব্যবহারকারীদেরকে ভিডিওর উপর ট্যাপ করতে হতো এবং একই সাবরেডিট থেকে সব ক্লিপ আসতো।
অন্যদিকে, নতুন ফিডের মধ্য দিয়ে রেডিট চেষ্টা করছে “ভিডিও’র মাধ্যমে কমিউনিটিকে টানতে”। অন্তত তা-ই বলছেন এক রেডিট মুখপাত্র। তার ভাষ্যে, অ্যাপ ভিত্তিক ভিডিও প্লেয়ারে যেমনটা দেখা যায়, তেমন একটি “সমন্বিত” অভিজ্ঞতা তৈরিতে কাজ করছে রেডিট।
এখনও সব আইওএস ব্যবহারকারীর কাছে রেডিটের ভিডিও ফিডটি পৌঁছায়নি। কবে নাগাদ পৌঁছাতে পারে, বা এর অ্যান্ড্রয়েড সংস্করণ কবে আসতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, জুলাইয়ে অল্প কিছু আইওএস ডিভাইসের অ্যাপে এসেছে ভিডিও অংশটি।
অনেক দিন ধরেই ভিডিও’র ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছে সাইটটি। প্রথম ২০১৯ সালে লাইভস্ট্রিম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিল এই সেবা। এরপর ২০২০ সালের ডিসেম্বরে টিকটক প্রতিদ্বন্দ্বী ‘ডাবসম্যাশ’কে কিনে নিয়েছিল তারা।
