২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেসলা থেকে গত বছর কোনো বেতন নেননি ইলন মাস্ক

গত বছর টেসলার কাছ থেকে কর্মী হিসেবে কোনো বেতন ও আর্থিক সুবিধা নেননি ইলন মাস্ক। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে বিদ্যুতচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2021, 04:37 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

টেসলা প্রধান ২০১৯ সালেও কর্মী হিসেবে ২৩ হাজার সাতশ’ ৬০ ডলার বেতন ও আর্থিক সুবিধা নিয়েছিলেন প্রতিষ্ঠানটির কাছ থেকে।

এক নিয়ন্ত্রক নথিতে টেসলা উল্লেখ করেছে, ২০২০ সালে তাদের অর্থ প্রধান জ্যাকারি কার্কহন মোট বেতন ও আর্থিক সুবিধা নিয়েছেন চার কোটি ৬৬ লাখ ডলার। ২০১৯ সালে তার বেতন ও আর্থিক সুবিধা ছিল দুই কোটি ১২ লাখ ডলার।

মাস্কের বেতন ও আর্থিক সুবিধার বিষয়টি টেসলার বাজার মূলধন এবং ক্রমবর্ধমান ধারাবাহিক লক্ষ্য পূরণের উপর নির্ভর করে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। ইলন মাস্ক শুধু টেসলার-ই নন, মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এরও অন্যতম প্রধান একজন শেয়ারধারী এবং প্রধান নির্বাহী।

এর আগে লক্ষ্য পূরণ করার ফলে ২০১৮ আর্থিক প্যাকেজে টেসলা শেয়ারের দুটি অপশন পেয়েছিলেন মাস্ক যেগুলো এ বছরের এপ্রিলে বিক্রয়যোগ্য অবস্থায় এসেছে। বর্তমানে ওই শেয়ারের বাজারমূল্য তিন হাজার কোটি ডলারেরও বেশি।

অন্যদিকে, মার্চে আনুষ্ঠানিকভাবে মাস্কের প্রাতিষ্ঠানিক পদবী তালিকায় নতুন নাম যোগ করেছিল টেসলা। সে সময় এক নিয়ন্ত্রক নথিতে উঠে এসেছিল, মাস্ক ‘টেকনোকিং অফ টেসলা’ নামেও পরিচিত হবেন। শুধু মাস্ক-ই নন, ‘মাস্টার অফ কয়েন’ নামে নতুন পদবী পেয়েছিলেন জ্যাকারি কার্কহন-ও।

এ মাসের শুরুতে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মাস্কের জীবনী লিখবেন ওয়াল্টার আইজাকসন। এর আগে অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী লিখেছিলেন টাইম ম্যাগাজিনের সাবেক এই ব্যবস্থাপনা সম্পাদক।