২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা বিরোধী ‘ইনফ্লুয়েন্সার’দের প্রচারণা ভেস্তে দিলো ফেইসবুক

করোনা মহামারীর টিকা বিরোধী প্রচারণায় অংশ নেওয়া কয়েকশ’ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক। শীর্ষ সামাজিক মাধ্যমটি বলছে, রাশিয়া থেকে পরিচালিত টিকা বিরোধী প্রচারণার অংশ ছিলো ওই অ্যাকাউন্টগুলো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 07:21 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

মূলত ভারত, লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে কোভিড টিকা নিয়ে ভুল তথ্য ও ভুয়া খবর প্রচার করছিলো ওই অ্যাকাউন্টগুলো। নির্দিষ্ট কিছু কোভিড টিকার উপর জনগনের আস্থা নষ্ট করার উদ্দেশ্য নিয়ে ওই টিকা বিরোধী প্রচারণা চলছিলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

“সমন্বিত ভুয়া আচরণ” বিষয়ে সর্বশেষ প্রতিবেদনে ফেইসবুক জানিয়েছে, রাশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাডনাও’-এর অঙ্গসংগঠন ‘ফাজি’র টিকা বিরোধী প্রচারণার সঙ্গে মুছে দেওয়া অ্যাকাউন্টগুলোর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

সম্প্রতি বিপণনী প্রতিষ্ঠান ফাজির একটি টিকা বিরোধী প্রচারণার চেষ্টা ভেস্তে দেন সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা। মে মাসে অর্থের বিনিময়ে ইনফ্লুয়েন্সারদের দিয়ে ফাইজার টিকা নিয়ে ভুল তথ্যভিত্তিক প্রচারণা চালানোর চেষ্টা করেছিলো ফাজি।

ফেইসবুক বলছে, পশ্চিমা টিকাগুলোর উপর জনগনের আস্থা খর্ব করার দ্বিতীয় চেষ্টা ছিলো এটি।

ফেইসবুকের তদন্তে উঠে এসেছে যে, ২০২০ সালের নভেম্বর মাসে অ্যাস্ট্রাজেনেকা টিকাকে বিপজ্জনক বলে প্রচারের চেষ্টা করেছিলো ওই একই অ্যাকাউন্টগুলো।

বিবিসি জানিয়েছে, ওই অ্যাকাউন্টগুলো থেকে মিম শেয়ার করা হচ্ছিলো। মিমগুলোতে প্ল্যানেট অফ এপস সিনেমার ছবি ব্যবহার করে আস্ট্রাজেনেকা টিকা এমনভাবে উপস্থাপন করা হচ্ছিলো যেন ওই টিকা নিলে বানরে পরিণত হবেন গ্রাহক।

আর মিমগুলো সামাজিক মাধ্যমে এমন সময়ে শেয়ার করা হচ্ছিলো যখন ভারত সরকার আস্ট্রাজেনেকা টিকার জরুরী অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

টিকা নিয়ে ভুল তথ্য প্রচারে যে ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে বেশ কয়েকটির উৎপত্তিস্থল বাংলাদেশ ও পাকিস্তান হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

সবমিলিয়ে ৬৫টি ফেইসবুক অ্যাকাউন্ট এবং ২৪৩টি  ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সামাজিক মাধ্যমটি।

ওই অ্যাকাউন্টগুলো প্রথমে নির্দিষ্ট কয়েকটি অনলাইনে ফোরামে কন্টেন্ট পোস্ট করতো এবং পরবর্তীতে ওই কন্টেন্টগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম ছড়িয়ে দেওয়া হতো বলে জানিয়েছেন ফেইসবুক কর্মকর্তা বেন নিমো।

এই কাজে ব্যবহার করা হয়েছে এক ডজনেরও বেশি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম। ভুল তথ্য ভিত্তিক প্রচারণার কন্টেন্ট পাওয়া গেছে রেডিট ও মিডিয়ামে।  চেঞ্জ ডট অর্গ ব্যবহার আস্ট্রাজেনেকা কতোটুকু নিরাপদ সেই প্রশ্ন তুলে পিটিশনও চালু করা হয়েছিলো।

ফেইসবুকের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ফোরামের ওই লিংকগুলো পরবর্তীতে ইনস্টাগ্রামে একই হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করেন কয়েকজন ইনফ্লুয়েন্সার।

এটি টিকা বিরোধী প্রচারণার দ্বিতীয় চেষ্টা হলেও পরপর দুবার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সামাজিক মাধ্যম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গ্রাফিকার তদন্ত পরিচালক জ্যাক স্টাবস এই প্রসঙ্গে বলেন, “সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের ব্যবহারের চেষ্টা ছাড়াও পশ্চিমা টিকা নিয়ে এই প্রচারণায় বিভ্রান্তির বীজ বোনার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে”।

“তারা হ্যাকিং থেকে তথ্য ফাঁস হওয়ার দাবি করেছিলো, অর্থের বিনিময়ে অনির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে খবর প্রকাশ করাচ্ছিলো, এবং ফেইসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট ব্যবহার করছিলো।”

বিভিন্ন কৌশল ব্যবহার করলেও ফেইসবুকের কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে ওই অ্যাকাউন্টগুলো।

অন্যদিকে বিবিসি’র এক তদন্তে উঠে আসে, বিপণনী প্রতিষ্ঠান ফাজি আদতে রাশিয়ার অ্যাডনাও-এর মালিকানাধীন প্রতিষ্ঠান। রাশিয়ার প্রতিষ্ঠানটির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় বিবিসি। তবে অ্যাডনাও-এর যুক্তরাজ্যভিত্তিক এক পরিচালক সংবাদমাধ্যমটিকে জানান, বন্ধ করে দেওয়া হচ্ছে ফাজি।

ওই ঘটনার পর পশ্চিমা টিকা নিয়ে মিথ্যাচার ক্রেমলিনের জন্য লাভজনক বলে এক জার্মান রাজনীতিকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে অবস্থিত রাশিয়ার দূতাবাস বলে, “কোভিড-১৯ কে আমরা বৈশ্বিক ঝুঁকি হিসেবে বিবেচনা করি, এবং এর বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক চেষ্টাকে ছোট করার কোনো আগ্রহ নেই আমাদের”।

ফাজিকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক।