‘বাজার বাড়াতে’ কম দামে নতুন ফোল্ডএবল স্যামসাংয়ের
নতুন ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ নিয়ে এসেছে স্যামসাং। গত বছরের ফোল্ডএবল মডেলের তুলনায় এবার ফোল্ডএবল স্মার্টফোন দুটির দাম কম ধরেছে প্রতিষ্ঠানটি।
গতানুগতিক স্মার্টফোনের বাইরে ফোল্ডএবলের চাহিদা বাড়াতেই স্যামসাং নিজেদের নতুন মডেল দুটির দাম কমিয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। ৭.৬ ইঞ্চি মূল পর্দা সম্বলিত ৫জি সক্ষমতার গ্যালাক্সি জেড ফোল্ড৩ এর দাম যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটি ধরেছে এক হাজার সাতশ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট। অন্যদিকে স্যামসাংয়ের ক্ল্যামশেল গ্যালাক্সি জেড ফ্লিপের দাম পড়বে নয়শ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট।
গত বছরের সেপ্টেম্বরে গ্যালাক্সি জেড ফোল্ড ২ উন্মোচন করেছিল স্যামসাং। সে সময় ফোনটির দাম ছিল এক হাজার নয়শ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট। আর জেড ফ্লিপ৩ এর আগের মডেলটির দাম ছিল এক হাজার তিনশ’ ৮০ ডলার।
অগাস্টের ২৭ তারিখ থেকে গ্যালাক্সি জেড ফোল্ড৩ এবং জেড ফ্লিপ৩ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারগুলোতে পাওয়া যাবে। “মানুষ যেহেতু আরও বেশি মিডিয়া কন্টেন্ট দেখছেন, সেহেতু নিশ্চিতভাবেই বড় পর্দার চাহিদা রয়েছে, এবং ফোল্ডএবলই শুধু এক কাঠামো যা বড় পর্দাকে অত্যন্ত সহজে বহনযোগ্য করে তোলে… দামের প্রতিবন্ধকতাটাই সমস্যা।” – বলেছেন কেপ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক পার্ক সাঙ-সুন।
এ বছর প্রায় ৮৬ লাখ ফোল্ডএবল ফোন বিক্রি হবে বলে ধারণা রয়েছে। অন্যদিকে, স্মার্টফোন বিক্রি হবে আনুমানিক একশ’ ৪৪ কোটি ৭০ লাখ। সে হিসেবে মোট স্মার্টফোন বিক্রির মাত্র ০.৬ শতাংশ জুড়ে থাকবে ফোল্ডএবল।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, গত বছরের তুলনায় এ বছর ফোল্ডএবল স্মার্টফোনের বিক্রি দ্বিগুণেরও বেশি হতে চলেছে এবং স্যামসাং এ বাজারের ৮৮ শতাংশেরও বেশি নিজ দখলে রেখে নেতৃত্ব দেবে। গত বছর ৩০ লাখ ফোল্ডএবল স্মার্টফোন বিক্রি হয়েছিল।
বুধবার স্যামসাংয়ের উন্মোচিত ফোল্ডএবল স্মার্টফোনগুলোকে ওজনে হালকা, আকারে পাতলা ও উন্নত নকশা, টেকসই এবং স্টাইলাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এ বিষয়গুলো স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ফ্যাবলেট ব্যবহারকারীদের নজর কাড়তে পারে। ওই ফ্যাবলেটগুলোর মূল ফিচারই হলো ‘এস পেন’।
নোট আনা বন্ধ করছে না বলে জানিয়ে রেখেছে স্যামসাং। মার্চে প্রতিষ্ঠানটির মোবাইল প্রধান কোহ-ডঙ-জিন জানিয়েছিলেন, আগামী বছর নতুন নোট পণ্য আনার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
এ বছর কাউন্টারপয়েন্ট বিশ্লেষকরা জানিয়েছিলেন, গতানুগতিক মডেলকে পেছনে ফেলে ফোল্ডএবল স্মার্টফোনের পরিসর বাড়াতে অবশ্যই ফ্ল্যাগশিপ মডেলের দাম এক হাজার ডলার থেকে দেড় হাজার ডলারের কাছাকাছি দামে নামিয়ে আনতে হবে। স্যামসাং ও অ্যাপলের প্রবেশ বাদেও অন্যান্য প্রতিষ্ঠানের এ খাতে উপস্থিত হতে হবে। ধারণা করা হচ্ছে, ২০২৩ সাল নাগাদ এ বাজারে প্রবেশ করবে অ্যাপল।
বুধবার নতুন স্মার্টওয়াচ ও ইয়ারবাডস-ও দেখিয়েছে স্যামসাং। পণ্যগুলোতে দেখা গেছে নতুন নকশা ও ফাংশন। সাম্প্রতিক প্রান্তিকগুলোতে স্যামসাংয়ের মোবাইল বিভাগের মুনাফায় অবদান রেখেছে এ ধরনের উচ্চ-প্রান্তিক অ্যাকসেসরিজের বিক্রি।
