হঠাৎই গায়েব হয়ে গেল র্যানসমওয়্যার আক্রমণে শীর্ষ দল
হঠাৎ করেই অফলাইনে চলে গেছে রাশিয়াভিত্তিক হ্যাকার গোষ্ঠী আর-ইভিলের ওয়েরসাইট। সাম্প্রতিক একাধিক র্যানসমওয়্যার হামলায় শতশত মার্কিন প্রতিষ্ঠানকে আক্রমণের পেছনে এই গোষ্ঠীকে দায়ী করা হচ্ছিল।
হ্যাকার গ্রুপটির পরিচালিত একটি পেমেন্ট ওয়েবসাইট এবং একটি ব্লগ হঠাৎ করেই নাগালের বাইরে চলে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
হ্যাকার গ্রুপের হঠাৎ অন্তর্ধানের কারণ জানা সম্ভব না হলেও এর পেছনে সরকারি কর্তৃপক্ষের হাত রয়েছে এমন জল্পনা ছড়িয়েছে এই ঘটনায়।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সাইবার অপরাধ বিষয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত মাসে জেনিভায় বৈঠকের পর গত শুক্রবারেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এই বিষয়টি তুলেছেন।
বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি মি. পুতিনের কাছে এই বিষয়টি যথেষ্ট পরিষ্কার করে বলেছেন যে, “মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে রাশিয়া এই বিষয়ে সক্রিয় উদ্যোগ নেবে।”
মঙ্গলবারের এই ঘটনায় এই ধারণাই বদ্ধমূল হয়েছে যে, হয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা রাশিয়ার কর্মকর্তারা আর-ইভিলের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন। যদিও এই বিষয়ে একদিকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা কোনো কথা বলছেন না এবং অপরদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন হ্যাকার গ্রুপগুলোর মাঝেমধ্যেই এইরকম গায়েব হয়ে যাওয়া অস্বাভাবিক নয়।
এ বছরই বেশ কয়েকটি বড় আকারের র্যানসমওয়্যার আক্রমণে কয়েকটি শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার সিরিজ ঘটনার পর এই অন্তর্ধানকাণ্ড ঘটল।
বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান জেবিএস গত মাসে বড় ধরনের র্যানসমওয়্যার আক্রমণের শিকার হলে তদন্তে এফবিআই এর পেছনে আর-ইভিলকে দায়ী করে।
এই দলটিকে অসম্ভব সফল হিসেবে বিবেচনা করা হয় এবং গত সপ্তাহেই দলটি তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান কেসিয়ায় সাইবার আক্রমণ চালায় এবং এতে বিশ্বজুড়ে শত শত প্রতিষ্ঠানকে আক্রান্ত করে।
