২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় বিভ্রাটের কবলে অ্যামাজনের অনলাইন স্টোর

বিভ্রাটের কবলে পড়েছিল ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের অনলাইন স্টোর। বিশ্বের বহু ব্যবহারকারী ওই সময়ে অ্যামাজন অনলাইন স্টোরের সেবা নিতে পারেননি। জুনের পর দ্বিতীয় বড় বিভ্রাট হিসেবে ধরা হচ্ছে একে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 03:59 PM

Updated : 07 Apr 2022, 11:21 PM

ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, রোববার রাতে ঘটেছে বিভ্রাটের ঘটনাটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, ওই সময় যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং সিঙ্গাপুরের অ্যামাজন অনলাইন স্টোর ডোমেইনে প্রবেশ করা যায়নি। ব্যবহারকারীরা এ সময় ‘এরর মেসেজ’ দেখতে পেয়েছেন।

অ্যামাজনের এক মুখপাত্র বলেছেন, “আমরা দুঃখিত যে কিছু গ্রাহককে কেনাকাটার সময় সমস্যার সম্মুখীন হতে হয়েছে।”

ডাউনডিটেক্টরের তথ্য বলছে, অ্যামাজন অনলাইনে স্টোরের বিভ্রাটের ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন ৩৮ হাজার মানুষ। প্রায় পাঁচশ’ ব্যবহারকারী অ্যামাজন ওয়েব সার্ভিসে সমস্যার ব্যাপারে জানিয়েছেন।

বিভ্রাট নজরদারি বিষয়ক সাইটটি আরও জানিয়েছে, অভিযোগকারীদের ৮০ শতাংশ ওয়েবসাইটে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন। ১৫ শতাংশ অভিযোগকারী লগ-ইনে সমস্যার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, পাঁচ শতাংশ ব্যবহারকারী চেক-আউট নিয়ে সমস্যার শিকার হয়েছেন।

বিভিন্ন সূত্রের বরাতে অনলাইন সাইট এবং সেবার বিভ্রাটের দিকে নজর রাখে ডাউনডিটেক্টর। এরকম-ই এক সূত্র – ব্যবহারকারীর অভিযোগ। এতে করে কত সংখ্যক ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারটি আন্দাজ করা যায়।

বাংলাদেশ সময় সকাল ১০টা নাগাদ কিছু ডোমেইন ফিরতে শুরু করেছে। সেবা ফিরে আসতে কত সময় লাগতে পারে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যামাজন।

করোনাভাইরাস মহামারীতে ইন্টারনেটের উপর চাপ বেড়েছে। বিশ্বে অনেককেই দূর থেকে কাজে অংশ নিতে হচ্ছে, পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে। অনেকে আবার মানসিক স্বস্তির জন্য ভিড় জমিয়েছেন ইন্টারনেটের দুয়ারে। এদিকে, বিভ্রাটের ঘটনাও বেড়ে গেছে বহুগুণে।

এ বছরের জুনেই কিছু সময়ের জন্য বিভ্রাটের কবলে পড়েছিল অ্যামাজন প্ল্যাটফর্ম। সে সময় আক্রান্ত হয়েছিল অ্যালেক্সা এবং প্রাইম ভিডিও সেবা।