২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের শেয়ারবজারে যাওয়া আরও কঠোর করলো চীন

দশ লাখের বেশি ব্যবহারকারী আছে এমন যে কোনো চীনা প্রতিষ্ঠানকে দেশের বাইরের কোনো শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হলে আগে অবশ্যই চীনে নিরাপত্তা পর্যালোচনা পার হতে হবে। প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতির ওপর চীনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় নতুন ধাপ এলো সম্প্রতি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 05:14 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

নিরাপত্তা পর্যালোচনায় দেশের বাইরে তালিকাভুক্তির পরে বিদেশী সরকার ওই প্রতিষ্ঠানের ডেটায় প্রভাব বিস্তার, নিয়ন্ত্রন বা হেরফেরের ঝুঁকি তৈরি করে কি না সে বিষয়টি বিবেচনা করবে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি)।

তথ্য সংগ্রহ এবং ডেটা স্টোরেজের উপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করছে চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। পাশাপামি সংস্থাটি সংস্থাগুলিকে দেশীয় তালিকাভুক্ত করার জন্য চাপ দিচ্ছে।

এ বছরই দুটি নতুন নীতিমালা কার্যকর করতে যাচ্ছে চীন। এদের একটি তথ্য নিরাপত্তা আইন এবং অপরটি ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন। এই দুটি আইন যথাক্রমে ডেটা স্টোরেজ এবং ডেটা গোপনতার নিরাপত্তা নিশ্চিত করবে।

শনিবারের ঘোষণা অনুসারে প্রতিষ্ঠানগুলোকে আইপিও সংশ্লিষ্ট সকল উপকরণ পর্যালোচনার জন্য জমা দিতে হবে।

সিএসি-র মতে, নিরাপত্তা পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা ঝুঁকি বলতে "রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্য এবং অন্যান্য কারণে সাপ্লাই চেইনে বিশৃঙ্ক্ষলার ঝুঁকি" এবং মূল তথ্যের ঝুঁকি বলতে "বিদেশে তালিকাভুক্ত হওয়ার পরে বিদেশী সরকারের মাধ্যমে বিদ্বেষপূর্ণভাবে ব্যবহৃত" হওয়ার বিষয়টি বিবেচনা করবে।

সিএসি প্রস্তাবিত নিয়মগুলি সম্পর্কে জনমত যাচাই করছে।

নিউ ইয়র্কে তালিকাভুক্তির মাত্র কয়েক দিন পর চীনা কর্তৃপক্ষ ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে রাইড-হেইলিং জায়ান্ট দিদি গ্লোবাল ইনকর্পোরেটেড সম্পর্কে তদন্ত শুরু করার পর এই নোটিশ জারি করলো।

তদন্তের খবরে দিদি'র শেয়ার পাঁচ ভাগের এক ভাগ কমে যায় এবং প্রতিষ্ঠানটি বলেছে, এর তাদের আয়ে প্রভাব পড়বে।

প্ল্যাটফর্ম অর্থনীতির বিষয়টি কী?

সামাজিক মাধ্যম এবং মার্কেট প্লেসসহ বিভিন্ন প্রতিষ্ঠান তার গ্রহকদের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই ধরনের চীনা প্রতিষ্ঠানের বেশ কিছু চীনের বাইরে শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়েছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আর্থিক ক্ষমতার প্রতিষ্ঠানগুলোর বড় অংশ এই শ্রেণিভূক্ত। চীনে এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আলিবাবা, টেনসেন্ট, দিদি, বাইটড্যান্স।

প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানগুলোর বড় বৈশিষ্ট্য হলো এরা বিশাল গ্রাহকডেটার মালিক হয় এবং সেই ডেটা ব্যবহার করা যায় বিজ্ঞাপন বাজারসহ বিভিন্ন কাজে। এর ফলে গ্রাহক তথ্যের অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়। এর মধ্যে সম্ভবত সবচেয়ে আলোচিত ঘটনা, ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা'র ফেইসবুকভিত্তিক ডেটা ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার অভিযোগ।