২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর নিজস্ব চিপে 'ফেরার' আনুষ্ঠানিক ঘোষণা অ্যাপলের

প্রায় দেড় দশক পর কম্পিউটারের বেলায় ইনটেল প্রসেসর থেকে সরে দাঁড়াচ্ছে অ্যাপল, এখন থেকে ফের নিজেদের চিপ ব্যবহার করবে মার্কিন টেক জায়ান্ট খ্যাত এ প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 05:05 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

বর্তমানে শুধু আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং অ্যাপল টিভিতে নিজেদের চিপ ব্যবহার করছে অ্যাপল। এই পণ্যগুলোয় সবমিলিয়ে দুইশ’ কোটিরও বেশি চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

এখন ডেস্কটপ, ল্যাপটপ ও আইম্যাক সিরিজের কম্পিউটারের জন্যও পুরোপুরি নিজের প্রযুক্তিউপাদান ব্যবহার করবে এই জায়ান্ট। এর মানে হচ্ছে আরও শক্তিশালী এবং শক্তি-সাশ্রয়ী প্রসেসর আনবে প্রতিষ্ঠানটি এবং পণ্য নকশায় কারো ওপরই আর অ্যাপলকে নির্ভর করতে হবে না। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

ম্যাকে গত ১৫ বছর ধরে ইনটেল চিপ ব্যবহার করছে অ্যাপল। এর আগে অ্যাপল-আইবিএম-মটোরোলার নকশা করা পাওয়ারপিসি প্রসেসর ব্যবহার করতো প্রাতিষ্ঠানটি।

নিজস্ব চিপ ব্যবহারের বিষয়টিকে “অনেক বড় পদক্ষেপ” মনে করেছেন অ্যাপল প্রধান টিম কুক। অ্যাপলের নতুন চিপ সম্বলিত ম্যাকে আইফোন ও আইপ্যাডের সফটওয়্যার চালানো যাবে। কিন্তু সেজন্য সফটওয়্যার নির্মাতাদেরকে নিজ নিজ সফটওয়্যার আপডেট করে দিতে হবে।

অ্যাপল চিপ সম্বলিত ম্যাকে সফটওয়্যার চালাতে নিজ সফটওয়্যার আপডেট করছে মাইক্রোসফট। ইমেইজ ও ভিডিও প্রসেসিংয়ে শীর্ষ প্রতিষ্ঠান অ্যাডোবি অ্যাপল প্রসেসরের জন্য সফটওয়্রার আপডেট করছে বলে জানিয়েছে।       

এ প্রসঙ্গে অ্যাপলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেগ ফ্রেডারিগি বলেছেন, “নতুন এই চিপের জন্য অ্যাপ বানাতে ডেভেলপারদের যা যা প্রয়োজন সব এক্সকোডে রয়েছে”।

পুরো বিষয়টি অবশ্য ইনটেলের জন্য মোটেও সুখকর কিছু নয়। প্রতিষ্ঠানটির মোট বার্ষিক বিক্রির দুই থেকে চার শতাংশ আসে অ্যাপলের কল্যাণে, অন্তত অ্যাপলের ভাষ্য সেরকম। আর তাই, বড় রকমের ক্ষতি না হলেও ইনটেলের জন্য অ্যাপলকে প্রসেসর ক্রেতা হিসেবে হারানো কষ্টের। সেজন্যই হয়তো ইনটেল মুখপাত্র বলেছেন, “অ্যাপল আমাদের বেশ কয়েকটি ব্যবসার অংশীদার, এবং আমরা তাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখব”।