২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর অ্যাপের নতুন সংস্করণ এলো

পাঠকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের নিউজ অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 10:13 AM

Updated : 11 Oct 2022, 12:22 PM

নির্মাতারা বলছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসিয়াল এই অ্যাপের ভার্সন ৩ পাঠককে দেবে ‘নতুন অভিজ্ঞতা’।

অ্যাপটির ডেভলপার মুথু নেদুমারান বলেন, চার বছর আগে যখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রথম অ্যাপটি তৈরি হয়েছিল, তারপর অ্যান্ড্রয়েড আর আইওএসে পরিবর্তন এসেছে অনেক।

“এ দুই প্ল্যাটফর্মের নতুন নতুন সব ফিচারের সুবিধা নিতে এবং ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ চালানো আরও সহজ করতে আমরা এটা নতুন করে লিখেছি। আপনার প্রিয় কনটেইন্ট দেখার জন্য এখন এটি একটি ব্র্যান্ড নিউ অ্যাপ।”     

অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য নতুন এই সংস্করণ এখন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠক এবং আমাদের হাজার হাজার অ্যাপ ব্যবহারকারীর জন্য এটা আমাদের রমজানের উপহার।” 

কী আছে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল অ্যাপের নতুন সংস্করণে?

মুথু নেদুমারান বলছেন, এই অ্যাপে নিউজ আপডেটে নোটিফিকেশন এখন আগের চেয়ে অনেক ভালো। বাংলা ও ইংরেজিতে নির্দিষ্ট কোনো খবর খুঁজে পেতে অ্যাপের সার্চ অপশন এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।

এই অ্যাপ ব্যবহার করে পাঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাংলা ও ইংরেজি দুই সংস্করণই পড়তে পারবেন। এক ভাষার সংস্করণ থেকে অন্যটিতে যেতে পারবেন সহজেই।

কোন ভাষার নিউজ অ্যালার্ট পেতে চান, তা পাঠক নিজেই ঠিক করে নিতে পারবেন। কেউ চাইলে অ্যালার্ট পাবেন দুই ভাষাতেই।

অ্যাপের নতুন সংস্করণে সোশাল শেয়ারিং অপশনেও পরিবর্তন আনা হয়েছে, যার ফলে পছন্দের খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা আরও সহজ হয়েছে।

মুথু নেদুমারান বলেন, নতুন সংস্করণের নকশা সাজানো হয়েছে নতুনভাবে, যাতে অ্যান্ড্রয়েডের অ্যাপটি  একটি অ্যান্ড্রয়েডের অ্যাপের মতোই দেখায়। একইভাবে আইওএসের জন্য অ্যাপটি ডিজাইন করা হয়েছে অ্যাপলের ডিজাইন গাইডলাইন অনুসারে।  অ্যাপলের ডিভাইসে এই অ্যাপ টেক্সট এর আকার ঠিক করে নেবে নিজে থেকেই।

“এর ফলে পাঠকদের জন্য অ্যাপটি ব্যবহার করা অনেক সহজ হবে। নেভিগেশনের সময় তার মনে হবে এটা তার মোবাইলের অন্য অ্যাপের মতোই।”

পাঠক তার পছন্দের ক্যাটাগরির নিউজ খুঁজে নিতে পারবেন অ্যাপের মেইন পেইজ থেকেই। ফলে তাকে বার বার সামনে-পেছনে ঘুরতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, তাদের এই অ্যাপ আগের মতোই সম্পূর্ণ ‘ফ্রি’। আর কেউ যদি অ্যাপে বিজ্ঞাপন দেখতে না চান, তাহলে গুগল প্লে বা অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে বার্ষিক একটি ফি দিয়ে তা বন্ধেরও সুযোগ আছে।   

“আমাদের পাঠকদের একটি বড় অংশ সারা দিনের সংবাদ চাহিদা মেটান মোবাইল ফোনের  মাধ্যমে। আর আমাদের অ্যাপের এই নতুন সংস্করণ তাদের আরও বেশি সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ধরে রাখবে বলেই আমার বিশ্বাস।”

মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘সেলিয়াল এসডিএন বিএইচডি’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য এই অ্যাপের প্রথম বেটা সংস্করণটি তৈরি করে ২০১৪ সালে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের আলোকে পরে পূর্ণাঙ্গ সংস্করণটি উন্মুক্ত করা হয়।

গুগল প্লে স্টোর থেকে ৯৮ হাজারের বেশি গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অ্যাপ ইনস্টল করেছেন। আর অ্যাপলের আইটিউনস থেকে ৩১ হাজারের বেশি বার ডাউনলোড হয়েছে অ্যাপটি।

এই অ্যাপের নতুন ভার্সন ব্যবহার করতে অন্তত অ্যান্ড্রয়েড ফোর বা আইওএস টেন প্রয়োজন হবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে http://bdnews24.mnewsapps.com এই লিংক থেকেও।