পাওয়ার ব্যাংক ফেরত নেবে অ্যামাজন
অগুন ধরার ঝুঁকি দেখা দিয়েছে অ্যামাজনের পোর্টেবল পাওয়ার ব্যাংকে। এই শঙ্কায় দুই লাখ ৬০ হাজার পাওয়ার ব্যাংক ফেরত নেবে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
মার্কিন কনজিউমার প্রোডাক্ট সেইফটি কমিশন-এর এক বিবৃতিতে বলা হয়, দুই লাখ ৬০ হাজার অ্যামাজনবেসিকস পোর্টেবল পাওয়ার ব্যাংক ফেরত নিচ্ছে অ্যামাজন যাতে “অতিরিক্ত গরম হওয়া এবং আগুন ধরার” শঙ্কা রয়েছে।
সংস্থাটি আরও জানায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই পাওয়ার ব্যাংক নিয়ে ৫০টি অভিযোগ পেয়েছে অ্যামাজন। এতে রাসায়নিক বিক্রিয়া এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, বলা হয়েছে সিএনবিসি’র প্রতিবেদনে।
কনজিউমার প্রোডাক্ট সেইফটি কমিশন-এর বিবৃতিতে বলা হয়, “ফেরত চাওয়া পাওয়ার ব্যাংকগুলো অবিলম্বে আনপ্লাগ করা উচিত এবং সেগুলোর ব্যবহার বন্ধ করা উচিত। আর কীভাবে এটি ফেরত দেওয়া যাবে এবং অর্থ ফেরত পাওয়া যাবে তা জানতে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করা উচিত।”
ক্ষতিগ্রস্থ ডিভাইসগুলো যারা কিনেছেন ইতোমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে অ্যামাজন।
অ্যামাজনবেসিকস পোর্টেবল পাওয়ার ব্যাংকের ছয়টি সংস্করণে এই ত্রুটি দেখা গেছে। এর মধ্যে মাইক্রো ইউএসবি কেবলসহ ১৬১০০ এমএএইচ, ১০০০০ এমএএইচ, ৫৬০০ এমএএইচ, ২০০০ এমএএইচ এবং ৩০০০ এমএএইচ ও ৩০০০ এমএএইচ-এর মাইক্রো ইউএসবি সংস্করণ রয়েছে।
