ওয়্যারলেস চার্জিংয়ে পেটেন্ট আবেদন অ্যাপলের
ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি আনতে মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস-এ নতুন পেটেন্ট আবেদন করেছে অ্যাপল।
নতুন এই প্রযুক্তি এমনভাবে তৈরি করা হবে যাতে তাদের ডিভাইসগুলো ক্রমানুসারে চার্জ হবে। এতে প্রথম চার্জ পাবে আইফোন। এরপর অ্যাপল ওয়াচ ও তারপর আইপ্যাড, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
অন্যান্য ওয়্যারলেস চার্জিং থেকে আলাদা অ্যাপলের এই চার্জিং ব্যবস্থা। রেডিও ফ্রিকোয়েন্সিভিত্তিক এই ব্যবস্থায় ডিভাইস দূর থেকেই চার্জ করা যাবে। এর জন্য ডিভাইসটি কোনো চার্জিং প্যাডে রাখতে হবে না।
অ্যাপলের জন্য এই ব্যবস্থাটি তৈরি করছে ওয়্যারলেস পাওয়ার ডেভেলপার ইনারগস। সম্প্রতি মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন-এর ভোক্তা নিরাপত্তা সনদ পেয়েছে প্রতিষ্ঠানটির চার্জিং প্রযুক্তি।
শুক্রবার পেটেন্টলি রিপোর্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, “মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস অ্যাপলের এক জোড়া পেটেন্ট প্রকাশ করেছে, যা তারবিহীন শক্তি স্থানান্তর এবং একটি অনন্য সময়সূচী নির্ধারণ ব্যবস্থা সম্পর্কিত।”
২০১৪ সাল থেকে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা নিয়ে কাজ করছে ইনারগস ও অ্যাপল।
