২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের টুইটার পাতা এখন স্বীকৃত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টুইটার পাতাটির আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে; ফলে ইন্টারনেটে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ সংবাদ প্রকাশকের সংবাদ নিয়ে পাঠকদের বিভ্রান্ত হওয়ার আর কোনো সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 11:30 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

শুধু নামের মিলের কারণে ভুয়া একটি টুইটার পাতায় ফলোয়ার সংখ্যা ‘অবাস্তব’ সংখ্যায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে টুইটার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি অগুনতি পাঠকের সংশয়ের অবসান ঘটাল বলে মনে করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ।

বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফেইসবুক, টুইটারসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়।

তবে টুইটারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নামের আদলে বিভিন্ন স্থান থেকে ভুয়া কয়েকটি পাতা খোলা হয়, ওই সব ভুয়া পাতার তোলা সংবাদ দেখে পাঠকদের বিভ্রান্ত হওয়ার সুযোগ ছিল।

২০১০ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের (@bdnews24com ) খোলা টুইটার পাতার ফলোয়ারের সংখ্যার তুলনায় ভুয়া একটি পাতার ফলোয়ার সংখ্যা বেড়ে যায় নামের মিল দেখে পাঠকদের বিভ্রান্তির কারণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “@ bdnews24 নামে খোলা পাতাটিতে শুরুতে নানা সংবাদের লিংক টুইট করা হত, যে সব সংবাদ সম্পাদকীয় মান কিংবা তথ্যনির্ভরতার দিক থেকে কোনোভাবেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে যায় না। একবার ওই পাতায় দেওয়া একটি সংবাদে কড়া আপত্তি আসার পর তারা সেই ধরনের টুইট দেওয়া বন্ধ করেছিল।

“তারপরও অনেকে দীর্ঘদিন ধরে ভেবে এসেছেন, ওই পাতাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষই পরিচালনা করছে এবং ওই পাতার টুইট অনেকে ট্যাগ করে আসছিলেন। এটা আমাদের পাঠকদের মধ্যে এতটা বিভ্রান্তি তৈরি করেছিল যে ওই ভুয়া পাতাটির ফলোয়ার সংখ্যা আমাদের চেয়ে বেশি হয়ে যায়। বাংলাদেশ ও বিশ্বে যারা আমাদের সম্পর্কে জানেন, তারা সহজেই বুঝবেন যে এটা কী মাত্রায় অবাস্তব!”

 

“@ bdnews24 নিজেদের লন্ডনের টাওয়ার হ্যামলেটভিত্তিক একটি স্টার্ট আপ হিসেবে পরিচয় দিয়ে আসছে। কিন্তু তারা তাদের কোম্পানির নাম বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর দেখাচ্ছে, যাতে তাদের ভুয়া পরিচয় সহজেই স্পষ্ট হয়। যেখানে আমাদের কোম্পানি বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স নামে বাংলাদেশে নিবন্ধিত,” বলেন এই মুখপাত্র।

টুইটার পাতাটি স্বীকৃত হওয়ায় এখন পাঠক সহজেই বুঝতে পারবেন, কোনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদ এবং কোনটি ভুয়া।

টুইটারে এখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাতাটিতে (twitter.com/bdnews24com) গেলে উপরে বাম পাশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লেখাটির পাশে নীল রঙের ‘টিক’ চিহ্ন দেখা যাচ্ছে।

এই চিহ্ন দেওয়ার মধ্য দিয়ে ১ লাখ ১৫ হাজার ফলোয়ারের এই পাতাটিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘অফিসিয়াল পেইজ’ হিসাবে চিহ্নিত করল টুইটার কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতাটিও ‘ভেরিফাইড’, যার ফলোয়ার সংখ্যা এখন ৮৩ লাখ এবং লাইকের সংখ্যা ৮৪ লাখ ছাড়িয়েছে।

একক পাঠক সংখ্যার (ইউনিক ভিজিটর) হিসেবে বাংলাদেশে গণমাধ্যমগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে ২০০৬ সালে যাত্রা শুরু করা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বাংলাদেশে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশক হিসেবে ইতোমধ্যে পাঠকদের গ্রহণযোগ্যতা অর্জনকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইউনিক ভিজিটর সংখ্যা মাসে কমপক্ষে ১ কোটি, মাসে গড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১০ কোটি পাতা খোলেন পাঠকরা।

পুরনো খবর:

বিডিনিউজ টোয়েন্টিফোরের ফেইসবুক পাতা এখন স্বীকৃত
বিডিনিউজ টোয়েন্টিফোর সম্পাদকের ফেইসবুক পাতার স্বীকৃতি