২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাঠ্যসূচিতে আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি কমিউনিটি কলেজের পাঠ্যসূচিতে যোগ হচ্ছে অ্যাপলের “অ্যাপ ডেভেলপমেন্ট উইথ সুইফট”।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 05:16 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

শনিবার টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা করা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলেজগুলোর পাঠ্যসূচিতে তাদের অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স যোগ করা হবে।

এই কোর্সের মাধ্যমে প্রোগ্রামিংয়ে কোনো অভিজ্ঞতা নেই এমন শিক্ষার্থীরাও পুরোপুরি কার্যক্ষম অ্যাপ তৈরি করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

এক বিবৃতিতে অ্যাপল প্রধান টিম কুক বলেন, “আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে সুযোগ সবার জন্য বাড়ানো উচিত। আর সমাজে মানুষের কাছে পৌঁছাতে কমিউনিটি কলেজের শক্তিশালী অবস্থান রয়েছে, যেখানে শিক্ষা একটি বড় সমীকরণ হয়ে ওঠে।”

ধারণা করা হচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে প্রস্তুত করতেই এই উদ্যোগ নিয়েছে অ্যাপল। ইতোমধ্যেই বেশ কিছু কমিউনিটি কলেজের পাঠ্যসূচিতে এই কোর্স যোগ করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

অস্টিন মেয়র স্টিভ অ্যাডলার বলেন, “সামনের পাঁচ বছরে ১০ হাজার মানুষকে দারিদ্রের বাইরে ও ভালো চাকুরির মধ্যে নিয়ে আসতে সমাজের চলমান উদ্যোগে অ্যাপল একটি শক্তিশালী বল হতে পারে।”

অ্যাপল অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ লাখ কর্মসংস্থান হয়েছে। ২০১৬ সালে মার্কিন সফটওয়্যার ডেভেলপাররা অ্যাপ স্টোর থেকে আয় করেছেন পাঁচশ’ কোটি মার্কিন ডলার, যা ২০১৫ সালের চেয়ে ৪০ শতাংশ বেশি।