গুগল স্ট্রিট ভিউ থেকে ‘ল্যান্ডস্কেপ’
ডিজিটাল ফটোগ্রাফিকে আরেক ধাপ এগিয়ে নিতে ‘গুগল স্ট্রিট ভিউ’ ছবি থেকে ‘ল্যান্ডস্কেপ’ তৈরির নতুন ফিচার চালু করেছে গুগল।
মেশিন লার্নিং কৌশলের ওপর ভিত্তি করে পেশাদার মানের ছবি তৈরি করা যাবে এতে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
গুগলের গবেষণা ব্লগে বলা হয়, কৌশলটি পরীক্ষামূলক ডিপ লার্নিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে মেশিন লার্নিং ব্যবহার করে শৈল্পিক কনটেন্ট তৈরি করা হয়।
গুগল স্ট্রিট ভিউয়ের জন্য বেশ কিছু ল্যান্ডস্কেপ প্যানারমা ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো থেকেই নান্দনিকভাবে মনোরম ছবি তৈরি করা হয়েছে।
গবেষণায় পেশেদার মানের এক গুচ্ছ ছবির ওপর পরীক্ষা চালানো হয়েছে যেখানে বিষয়ভিত্তিক ‘অ্যাসথেটিকস’ অনেকগুলো পরিপ্রেক্ষিতে ভাগ করা হয়েছে, যেগুলোর প্রত্যেকটি আলাদাভাবে মেশিন শিখে নিয়েছে।
বিভিন্ন স্থানের প্রায় ৪০ হাজার প্যানারমা ছবি ব্যবহার করেছে গুগল। পরবর্তীতে পরীক্ষার জন্য পেশাদার ফটোগ্রাফার দিয়ে সেগুলো যাচাই করেছে প্রতিষ্ঠানটি।
গবেষক দলটি অন্যান্য ছবির সঙ্গে মেশিনের তৈরি করা ছবি মিশিয়ে বিচারকদের সেগুলো পরীক্ষা করতে দিয়েছেন। এতে তারা ৪০ শতাংশ ছবিকে ‘সেমি-প্রো’ বা ‘প্রো’ হিসেবে চিহ্নিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
