০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নানাবাড়ি ফেনীর পথে প্রধানমন্ত্রী

এর আগে গত ২৫ জানুয়ারি সেখানে নির্বাচনি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 09:06 AM

Updated : 01 Oct 2026, 09:43 AM

একদিনের সফরে নানাবাড়ির জেলা ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়ক পথে যাত্রা করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি পৌনে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রওনা হয়ে রাজধানী অতিক্রম করছে প্রধানমন্ত্রীর গাড়িবহর।

“ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।”

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে। ইস্কান্দার পরে জলপাইগুড়িতে বোনের বাসা থেকে পড়ালেখা করেন। সেখানে চা ব্যবসায় জড়ান ইস্কান্দার; বিয়েও করেন তিস্তা পাড়ের শহরটিতে। অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। দেশভাগের পর পরিবারটি দিনাজপুর শহরে স্থানান্তর হয়।

সরকারপ্রধানের মা খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ভোট করতেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেখানে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ কারণে স্থানীয় নেতাকর্মীদের মুখে মুখে এখনো ফেরে, ‘নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা’।

কর্মসূচি: বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প উদ্বোধন, দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোর ছাদে বসানো সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন এবং বিকাল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান।

দুপুরে ফুলগাজী ডাক বাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ সারবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ফেনীতে তারেক রহমানের এটিই প্রথম সফর।

এর আগে সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।