দাম কমলো ভিআর হেডসেটের
সাময়িকভাবে হার্ডওয়্যার পণ্যের দাম কমাচ্ছে ফেইসবুক মালিকানাধীন ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান অকুলাস।
ঠিক কী কারণে গ্রাহক এই দারুণ গেইমিং ও স্টোরিজ প্রযুক্তি গ্রহণ করছে না ভিআর হেডসেটের দাম কমানোর মাধ্যমে সেটিই বের করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
সোমবার অকুলাস-এর কনটেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেসন রুবিন বলেন, “সোমবার থেকে ছয় সপ্তাহের জন্য একসঙ্গে রিফট হেডসেট ও টাচ কন্ট্রোলারের দাম কমিয়ে ৩৯৯ মার্কিন ডলারে নামিয়ে এনেছে অকুলাস।”
তিনি আরও বলেন, এতে সনির তৈরি প্লেস্টেশন ভিআর-এর দামের সমান হবে এটি।
অন্যদিকে এইচটিসি-এর তৈরি ভাইভ হেডসেট-এর মূল্য ৭৯৯ মার্কিন ডলার। তবে, সম্প্রতি হেডসেটটির দাম কমায়নি এই এইচটিসি।
২০১৪ সালে ৩০০ কোটি মার্কিন ডলারে অকুলাস অধিগ্রহণ করে ফেইসবুক।
প্রতিষ্ঠানটি ক্রয়ের সময় ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, “হেডসেটের মাধ্যমে ৩৬০ ডিগ্রি প্যানারোমিক ভিউ দিতে পারে যে ডিভাইসটি তা এক সময় শত কোটি মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হবে।”
এ যাবত জাকারবার্গের সে প্রত্যাশার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। ঠিক কী কারণে এটি জনপ্রিয়তা পায়নি তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হয় অতিরিক্ত দাম একটি কারণ হতে পারে।
কিছু ক্ষেত্রে ধারণা করা হয় মূল্যছাড় পণ্যের দূর্বল বিক্রির ইঙ্গিত দেয়। যদিও সাক্ষাৎকারে রুবিন বলেন, অকুলাস-এর বেলায় তেমনটা ঘটেনি। তিনি বলেন, শীঘ্রই আমরা দাম কমাতে পারতাম কিন্তু গ্রাহকদের ব্যস্ত রাখতে যথেষ্ট পরিমাণ গেইমস, সিনেমা এবং অন্যান্য বিনোদন কনটেন্ট আসার জন্য আমরা অপেক্ষা করতে চাচ্ছিলাম।
চলতি বছরের মার্চেই একবার ভিআর হেডসেট-এর দাম কমিয়েছে অকুলাস। সে সময় হেডসেটটির দাম ৭৯৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ৫৯৮ মার্কিন ডলার করা হয়।
