২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

তোশিবার চিপ ব্যবসায় আগ্রহী অ্যাপল

ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান তোশিবা’র চিপ ব্যবসায় কিনতে ‘নিলামে অংশ নেওয়ার কথা ভাবছে’ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 02:22 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

প্রতিষ্ঠানের যন্ত্রাংশ সরবরাহকারী চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা তাওয়ানিজ প্রতিষ্ঠান ফক্সকন-এর সঙ্গে মিলে এই নিলামে ডাক দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা ধরা হয় তোশিবা-কে। এই প্রতিষ্ঠানে কয়েকশ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ২০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারে অ্যাপল। চিপ ব্যবসা বিক্রি করলেও প্রতিষ্ঠানের শেয়ারের কিছু অংশ নিজেদের কাছে রাখবে তোশিবা। এতে প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের নিয়ন্ত্রণে থাকবে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান এনএইচকে।

এ ব্যাপারে জানতে অ্যাপল ও ফক্সকন-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিষ্ঠানই মন্তব্য করতে রাজি হয়নি।

ইতোমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠান তোশিবা’র চিপ ব্যবসা কিনতে আগ্রহ করেছে। তোশিবার অংশীদার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল কর্পোরেশনও এই নিলামের বড় প্রতিযোগী। আগের সপ্তাহেই ওয়েস্টার্ন ডিজিটাল দাবি করে চিপ ব্যবসা বিক্রি করার মাধ্যমে জয়েন্ট ভেনচার চুক্তি ভঙ্গ করছে তোশিবা।

শুধু চিপ ব্যবসা নয় টেলিভিশন ব্যবসাও বিক্রি করতে পারে তোশিবা। আগের সপ্তাহেই টেলিভিশন ব্যবসা কিনতে আগ্রহের কথা জানিয়েছে তুরষ্কভিত্তিক ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভেসটেল।

২০১৫ সালে হিসাব জালিয়াতির ঘটনার পর নড়বড়ে অবস্থায় রয়েছে তোশিবা’র ব্যবসা। এই ঘটনায় কয়েকশ’ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

ওই ঘটনার পর বারবার ব্যবসায় ফেরার ইঙ্গিত দিলেও সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে পারেনি তোশিবা। আগের বকেয়া পরিশোধ করতে গিয়ে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়ের কিছু অংশ বিক্রি করার ঘোষণা দেয়।