২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি-তে ফেইসবুকের ‘নিয়ারবাই’ বন্ধ

ইতালিতে নিজেদের লোকেশন শেয়ারিং ফিচার সরিয়ে নিয়েছে ফেইসবুক। ২০১৬ সালে দেশটির মিলান কোর্টে এক রুল জারি করা হয়, যাতে দাবি করা হয় স্থানীয় স্টার্টআপ-এর মতো একই অ্যাপ নকল করে ফেইসবুক প্রতিযোগিতা নষ্ট করছে আর স্বত্ত্বাধিকার আইন ভঙ্গ করছে।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 08:19 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

ইতালিভিত্তিক সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান বিজনেস কম্পিটেনস তাদের ফ্যারাউনড অ্যাপ্লিকেশন নকল করে ফেইসবুক একই রকম ফিচার তৈরি করেছে এমন অভিযোগ এনে ২০১৩ সালে এক মামলা দায়ের করে। এই অ্যাপ ফেইসবুকে ব্যবহারকারীর কাছাকাছি স্থানে থাকা বন্ধুদের চিহ্নিত করতে সাহায্য করে।

১ অগাস্টে কোর্টে এই মামলার রুল ইসু করা হলেও চলতি সপ্তাহের সোমবার বিজনেস কম্পিটেনস এটি জনসমক্ষে প্রকাশ করে। প্রতিষ্ঠানটি দাবি করে তাদের তৈরি করা ‘ফ্যারাউনড’ ২০১২ সালে সামাজিক নেটওয়ার্কের অ্যাপ স্টোরে যোগ করার এক মাসের মধ্যেই ফেইসবুক তাদের ‘নিয়ারবাই’ ফিচার চালু করে।

অভিযোগে বলা হয়েছে অ্যাপ্লিকেশন দুইটির কাজ আর সাধারণ বিন্যাস ‘একদম একই রকম’।

ফেইসবুক জানিয়েছে, তারা ইতালি-তে নিয়ারবাই ফিচার সরিয়ে নিচ্ছে। তবে তারা ইতোমধ্যে আদালতের রুলের বিরুদ্ধে আপিল করেছে বলেও জানিয়েছে রয়টার্স।

২০১১ সালে প্লেসেস নামের একই ধরনের আরেকটি অ্যাপ বাতিল করে এবং পরবর্তীতে নিয়ারবাই নামের একই রকম ফিচার চালু করে, যা সিলিকন ভ্যালিভিত্তিক অপর দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপ ফোরস্কয়ার আর ইয়েল্প এর সঙ্গে প্রতিযোগিতা করে আসছিল।

আদালত ফেইসবুককে ইতালিতে নিয়ারবাই ফিচার স্থগিত করতে নির্দেশ দেয়। আর এই নির্দেশ না মানলে কপিরাইট আইন ভঙ্গ আর অসম প্রতিযোগিতার জন্য ফেইসবুকের জন্য প্রতি দিন ৫০০০ ইউরো জরিমানা ঘোষণা করে আদালত। এখনও এই রুল প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ৪ এপ্রিল।

“আমরা সম্মানের সঙ্গে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন,” ফেইসবুকের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন।

২০১২ সালের সেপ্টেম্বরে বিজনেস কম্পিটেনস ফ্যারাউনড অ্যাপ চালু করে এবং ইতালির ব্যবহারকারীদের মধ্যে এই অ্যাপ অনেক জনপ্রিয়তা লাভ করে বলে জানিয়েছে রয়টার্স।