ইসরাইয়েলি স্টার্টআপ-কে কিনল অ্যাপল
ইসরাইয়েলি চেহারা শণাক্তকারী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলফেইস-কে অধিগ্রহণ করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
রিয়েলফেইস-এর তৈরি সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই চেহারা শণাক্ত করে ডিভাইস আনলক করা যেতে পারে। প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করায় ধারণা করা হচ্ছে অ্যাপল পরবর্তী আইফোনে এই প্রযুক্তি যোগ করবে।
রোববার ইসরায়েলি ব্যবসায়িক খবরের সাইট ক্যালসালিস্ট জানায়, ধারণা করা হচ্ছে রিয়েলফেইস-এর সঙ্গে অ্যাপলের এই চুক্তির মূল্য হবে ২০ লাখ মার্কিন ডলার। যদিও খবরের সত্যতা যাচাই করতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটাবেইস স্টার্টআপ নেশন সেন্ট্রাল-এর পক্ষ থেকে জানানো হয় চলতি মাসেই রিয়েলফেইস-কে কিনবে অ্যাপল, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
২০১৪ সালে প্রথমবারের মতো চালু হয় ইসরায়েলের আভিভ-ভিত্তিক প্রতিষ্ঠান রিয়েলফেইস। চালুর পর প্রতিষ্ঠানটি ‘পিকেজ’ নামে প্রথম একটি অ্যাপ উন্মোচন করে। অ্যাপটি মুখ শণাক্তকরণের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গ্রাহকের সবচেয়ে ভালো ছবিটি খুঁজে বের করতে পারে।
আইওএস ১০-এ ইতোমধ্যেই ফটোস অ্যাপে মুখ শণাক্তকরণ প্রযুক্তি যোগ করেছে অ্যাপল। এবার ধারণা করা হচ্ছে আইফোন আনলক করতেও এই প্রযুক্তির ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
স্টার্টআপ নেশন সেন্ট্রাল-এর পক্ষ থেকে বলা হয় অ্যাপলের সঙ্গে চুক্তিতে ১০ লাখ মার্কিন ডলার তহবিল জোগাড় করেছে রিয়েলফেইস। আর প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা ১০ জন। চীন, ইসরায়েল, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির।
রিয়েলফেইস-কে অধিগ্রহণ করলে এটি হবে অ্যাপলের চতুর্থ ইসরায়েলি প্রতিষ্ঠান।
