২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাম্পের পেছনে’ ইনটেল প্রধান

হোয়াইট হাউসকে সামনে রেখে অ্যারিজনা কারখানায় ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 06:22 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কক্ষ বা ওভাল অফিসে বসেই অ্যারিজনা কারখানায় ওই বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ইনটেল-এর প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ। কারখানাটি চালু হলে সেখানে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে, রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে বিনিয়োগের ব্যাপারে জানান ক্রাজানিচ। ট্রাম্প জানান, ক্রাজানিচ তাকে কয়েক সপ্তাহ আগে ফোন করে বলেন তিনি বড় একটি ঘোষণা দেওয়ার জন্য সাক্ষাৎ করতে চান।

ক্রাজানিচ বলেন, তিনি হোয়াইট হাউস-এ ঘোষণাটি দিয়েছেন যা “প্রশাসনের কর এবং নিয়ম নীতির সমর্থনের একটি ইঙ্গিত।”

২০ জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দেন তিনি কর্মীদের দেশের বাইরে পাঠানোর চেয়ে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরির জন্য প্রতিষ্ঠানগুলোকে বলবেন।

সম্প্রতি ট্রাম্পের মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাঠানো নথিতে যে ১০০টি প্রতিষ্ঠান স্বাক্ষর করেছে তার মধ্যে ইনটেলও রয়েছে। তবে, ওভাল অফিসে ঘোষণার সময় এ বিষয়ে কোনো কথা ওঠেনি।

ইনটেল-এর পক্ষ থেকে বলা হয়েছে তিন থেকে চার বছরের মধ্যে অ্যারিজনার কারখানাটি তৈরি হবে। ২০১১ সালে এই কারখানাটি তৈরির কাজ শুরু হয়। ২০১৩ সালের শেষ দিকে এটি উন্মোচনের কথা ছিল।

আগের বছরই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় বিশ্বব্যাপী ১২ হাজার বা ১১ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাই করতে পারে ইনটেল। প্রতিষ্ঠানের ব্যবসায় পরিবর্তন আনার লক্ষ্যে এ ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয় বলে জানানো হয়েছে।