২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি হচ্ছে গুগলের স্যাটেলাইট প্রতিষ্ঠান

গুগলের স্যাটেলাইট ইমেইজিং প্রতিষ্ঠান ‘টেরা বেলা’কে কিনতে যাচ্ছে স্টার্টআপ প্রতিষ্ঠান ‘প্ল্যানেট ল্যাবস’। শুক্রবার প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 04:52 PM

Updated : 19 Aug 2022, 03:40 PM

দুই বছর আগে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যে টেরা বেলা নামের প্রতিষ্ঠানটিকে কেনে গুগল। এবার প্ল্যানেট ল্যাবস নামের স্টার্টআপ ম্যাপিং প্রতিষ্ঠানের কাছে এটি বিক্রি করছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি, জানিয়েছে ব্যবসায়বিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার।

গুগলের সঙ্গে চুক্তি অনুযায়ী প্ল্যানেট ল্যাবস টেরা বেলা’র ব্যবসা এবং স্যাটেলাইট অধিগ্রহণ করবে। আর গুগল তার ম্যাপিং পণ্যের জন্য এই স্যাটেলাইটের ধারণ করা ছবির লাইসেন্স চালিয়ে যেতে পারবে।

চুক্তির অর্থিক শর্ত প্রকাশ করেনি দুই প্রতিষ্ঠানের কেউই। তবে, এই চুক্তির সঙ্গে জড়িত এক সূত্রের মাধ্যমে জানা যায় গুগলকে ৫০ কোটি মার্কিন ডলারের কম মূল্য দিয়েছে প্ল্যানেট ল্যাবস। কিন্তু এখনও চুক্তির মূল্য ৩০ কোটি ডলারের ওপর বলা হচ্ছে।

সূত্রটি আরও জানায় প্ল্যানেট ল্যাবস-এর মূল শেয়ারধারীর একটি হবে গুগল। আর টেরা বেলা’র দীর্ঘ মেয়াদী সাফল্যে বিনিয়োগ করতে থাকবে প্রতিষ্ঠানটি।

আগের বছরই সৌর শক্তি চালিত ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার প্রকল্প বাতিল করেছে গুগল। এবার টেরা বেলা’র বিক্রি গুগলের ব্যবসার পরিধি সম্ভবত কিছুটা কমিয়ে আনারই ইঙ্গিত দিচ্ছে।