২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উডুক্কু গাড়ি আনছে ‘এয়ারবাস’

চলতি বছরের শেষ দিকেই উডুক্কু গাড়ির পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে ফরাসি প্লেন নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’। সোমবার একথা জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান টম এনডার্স।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 06:34 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

আগের বছর ‘আরবান এয়ার মবিলিটি’ নামে নতুন একটি বিভাগ খুলেছে এয়ারবাস। এই বিভাগে এমন উডুক্কু গাড়ি বা হেলিকপ্টারের মতো যান তৈরি করা হবে যা এক বা একের অধিক যাত্রী বহন করতেন পারবে। আর গ্রাহকরা যাতে অ্যাপের মাধ্যমেই এই যানগুলো বুক করতে পারে সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে রয়টার্স।

মূলত শহরের যানজট এড়াতেই এই ধরনের উডুক্কু যান তৈরির লক্ষ্যে এগোচ্ছে এয়ারবাস। তবে, শুধু এয়ারবাস-ই নয় অন্য আরও কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের যান তৈরিতে কাজ করছে।

“১০০ বছর আগে শহরের যাতায়াত ব্যবস্থা ভূপৃষ্ঠের নিচ দিয়ে গিয়েছে, এবার আমাদের এমন প্রযুক্তি রয়েছে যা আমাদেরকে ভূপৃষ্ঠের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারে,” বলেন এনডার্স।

জার্মানির মিউনিখে ডিজিটাল প্রযুক্তি সম্মেলন ডিএলডি-এ তিনি জানান তিনি আশা করছেন এ বছরের শেষ দিকে এয়ারবাস এমন একটি যান দেখাতে পারবে যা একজন মানুষকে উড়িয়ে নিতে পারবে।

তিনি আরও বলেন, “আমরা পরীক্ষামূলক স্তরে রয়েছি, আমরা এর উন্নয়নকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি।” এ ধরনের প্রযুক্তি পরিবেশকে আরও বেশি দূষিত হওয়া থেকেও রক্ষা করবে। আর তা স্থাপত্য পরিকল্পনাকারীদের জন্যও খরচ কমিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রকল্পে এয়ারবাস কী পরিমাণ বিনিয়োগ করেছে তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি প্রতিষ্ঠানের এক মুখপাত্র।