দেবতার ছবিতে ‘যৌনতা’, ক্ষমাপ্রার্থী ফেইসবুক
‘যৌনতাপূ্র্ণ’ দাবি করে ইতালির বিখ্যাত নেপচুন মূর্তির ছবি সরিয়ে দিয়েছে ফেইসবুক, এমন অভিযোগ করেছেন একজন ইতিহাসবিদ। এর মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।
পরবর্তীতে ফেইসবুক এই সেন্সরশিপ-কে ভুল হিসেবে আখ্যা দিয়েছে, বিভিন্ন খবরের বরাতে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
এলিসা বারবারি ইতালির এক স্থানীয় লেখক তার ‘স্টোরিজ, কিউরিসিটিজ অ্যান্ড ভিউস অফ বোলোগনা’ নামের ফেইসবুক পেইজের এই মূর্তির ছবি ব্যবহার করেছিলেন, সোমবার জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। ওই ছবিতে সেখানকার পুরাণিক দেবতা নেপচুন-এর নগ্ন ছবি দেখা যায়, আর এটি শনাক্ত করে ফেইসবুক।
বারবারি বলেন, “আমি আমার পেইজের প্রচারণা চালাতে চেয়েছিলাম আর ফেইসবুকের কাছে ছবিটি যৌনতাপূর্ণ মনে হয়েছে। সত্যি, নেপচুন? এটি পাগলামো!” ছবিটি সরানো নিয়ে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “এই ছবির ব্যবহার অনুমোদিত হয়নি কারণ এটি ফেইসবুকের বিজ্ঞাপনী নীতিমালা লঙ্ঘন করে।”
পরে ফেইসবুকের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, এই সেন্সরশিপ একটি ভুল ছিল। তিনি বলেন, “আমাদের দল প্রতি সপ্তাহে লাখ লাখ বিজ্ঞাপনী ছবি নিয়ে কাজ করে, আর মাঝেমধ্যে ভুলে বিজ্ঞাপন নিষিদ্ধ করে। এই ছবি আমাদের বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘন করে না। আমরা এই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।”
২০১৬ সালে নাপাম শিশু, স্তন ক্যান্সার সচেতনতা এমন নানা ছবি সরিয়ে ক্ষমা চাইতে হয় ফেইসবুককে।
