কিশোরীর নগ্ন ছবি, মামলার মুখে ফেইসবুক
উত্তর আয়ারল্যান্ডে ১৪ বছর বয়সী এক কিশোরীর নগ্ন ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ফেইসবুকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ওই কিশোরী।
ওই শিশুর পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এসব ছবি তার থেকে ব্ল্যাকমেইল করে নেওয়া হয়েছে এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই ক্রমাগত এসব ছবি অনলাইনে প্রকাশ করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, ওই কিশোরী ফেইসবুক আর ছবি 'প্রকাশকারী' ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।
বেলফাস্ট উচ্চ আদালতের শুনানিতে কিশোরীর পক্ষে নিযুক্ত এক আইনজীবী জানান, ছবিগুলো 'অপমানজনক' একটি পেইজে দেওয়া হয়েছিল। পুনরায় এসব ছবি প্রকাশ বন্ধ করা এই প্রতিষ্ঠানের জন্য 'রেড-লাইন ইসু' হয়ে দাঁড়িয়েছে।
কিশোরীর আইনজীবী বলেন, "যদি তারা এটি শুরুতেই প্রকাশকারী ব্যক্তির সব প্রকাশনা ব্লক করে দিত তাহলে ঘটনা এত দূর গড়াত না", যোগ করেন তিনি।
অন্যদিকে, ফেইসবুকের এক আইনজীবী এর বিরোধীতা করে জানান, তারা ক্ষতির জন্য দায়ী ছবিগুলো শনাক্ত করতে পারার সঙ্গে সঙ্গেই সরিয়ে নেন। ব্যক্তিগত তথ্য অপব্যবহারের জন্য ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে আলোচিত সেই কিশোরী ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে।
আবেদনের প্রেক্ষিতে বিচারক এখন এই বিষয়ে তার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।
সম্প্রতি ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস বহন করা এক ছবি সরিয়ে দিয়ে বিতর্কে আসে ফেইসবুক। পুলিৎজার জয়ী ওই ছবিকে ফেইসবুকের অ্যালগরিদম একে 'অশ্লীল' হিসেবে বিবেচিত করে সরিয়ে দিলে তা বিতর্কের সৃষ্টি করে। প্রথমে অ্যালগরিদমে এটিকে এককভাবে আলাদা করা সম্ভব নয় বলে দাবি করলেও, পরে নিজ অবস্থান থেকে সরে আসে প্রতিষ্ঠানটি।
