২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ছবি সরিয়ে ক্ষমা চাইল ফেইসবুক

আবারও ছবি সরিয়ে বিপাকে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। আগের মতো এবারও সিদ্ধান্ত থেকে সরে এসে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

সিএনএন জানায়, ৩৫ বছর ধরে মুখের বিভিন্ন অংশে পোড়াক্ষত নিয়ে জীবনযাপন করছেন সুইডিশ অগ্নিনির্বাপণকর্মী লাসে গুস্তাভসন। একটি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের কর্তব্য পালন করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। 

৬০তম জন্মবার্ষিকীতে ফেইসবুকে তার একটি ছবি পোস্ট করা হয়। আর এতেই চোখ পড়ে ফেইসবুক পর্যবেক্ষকদের। ছবিটি সরিয়ে নেওয়া হলে, সমালোচনার ঝড় বয়ে যায়। এক পর্যায়ে ক্ষমা চেয়ে "এটি ভুলে সরানো হয়েছে" বলে দাবি করে ফেইসবুক। প্রতিষ্ঠানটি বলে, "আমরা এই সমস্যা সমাধান করেছি আর যিনি এটি পোস্ট করেছিলেন তাকে জানিয়েছি ও ক্ষমা চেয়েছি।"

৮ নভেম্বর গুস্তাভসন-এর জন্মদিনে তারই বন্ধু নাত্থিকো লিন্ডেব্লাড এই ছবি পোস্ট করেছিলেন। ছবিটি পোস্টের এক ঘণ্টার মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই ছবিটি সরানো হলে তিনি প্রথমে এটি 'ভুল' হিসেবেই ধরে নেন। তিনি আবারও ছবিটি পোস্ট করেন, খুব জলদি এতে দুই শতাধিক লাইক পড়ে যায়। আবারও কোনো ব্যাখ্যা ছাড়াই ছবিটি সরানো হলে তিনি ফেইসবুকের কাছে অভিযোগ পাঠান।

ওই অভিযোগে পোস্টদাতা বলেন, "পোড়াক্ষত নিয়ে বেঁচে থাকা কয়েকজন সুইডিশ আমার সঙ্গে যোগাযোগ করেছেন আর জানিয়েছেন গুরুতর পোড়াক্ষত থাকা মানুষের ছবির সঙ্গে যৌনতা বা বর্ণবাদী কনটেন্ট-এর মতো করেই আচরণ করা ফেইসবুকের একটি সাধারণ চর্চা।"

"কী ঘৃণ্য নীতি" বলেও মন্তব্য করেন তিনি। তৃতীয়বার ব্যাখ্যাসহ ছবিটি পোস্ট করেন তিনি। এবার তিন দিনে ছবিটি ৩০ হাজারের বেশিবার শেয়ার হয়, একে 'জনতার প্রতিবাদ' হিসেবেই আখ্যা দিয়েছেন তিনি। 

তিনি বলেন, "আমি হতবাক ছিলাম, আমি ভাবিনি এটি এতোটা ছড়াবে।" ফেইসবুকের ক্ষমা চাওয়ার প্রশংসা করলেও ছবিটি কেন সরানো হয়েছে তার ব্যাখ্যা ফেইসবুক না দেওয়ার বিষয়টি তার কাছে অদ্ভূত লেগেছে বলেও জানান।

পুরনো খবর:

স্তন ক্যান্সার সচেতনতা, ছবি সরিয়ে ভুল স্বীকারে ফেইসবুক
কিশোরীর নগ্ন ছবি, মামলার মুখে ফেইসবুক
যুদ্ধশিশুর ‘নগ্নতা’, জাকারবার্গ ও সম্পাদনা
ভিয়েতনাম যুদ্ধের ছবি সরিয়ে তোপের মুখে জাকারবার্গ