২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম যুদ্ধের ছবি সরিয়ে তোপের মুখে জাকারবার্গ

ভিয়েতনাম যুদ্ধের প্রতীকে পরিণত হওয়া ঐতিহাসিক ‘নাপাম গার্ল’ ছবির পোস্ট সেন্সর করায় ফেইসবুকের কড়া সমালোচনা করে এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছে নরওয়ের সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক ‘অফটেনপোস্টেন’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 10:16 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

প্রথম পাতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সিইও জাকারবার্গের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছে পত্রিকাটি। চিঠিতে জাকারবার্গকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী এডিটর’ বলে সম্বোধন করে তাকে নিজ দায়িত্ব পালন করতে বলা হয়।

অফটেনপোস্টেন এর প্রধান সম্পাদক ও সিইও এস্পেনে গিল হানসনের অভিযোগ, জাকারবার্গ অবিবেচকের মত ‘নিজের ক্ষমতার অপব্যবহার’ করেছেন।

তিনি বলেন, “আমি বিপর্যস্ত, হতাশ--- আসলে আমি আতঙ্কগ্রস্তও। আমাদের গণতান্ত্রিক সমাজের একটি প্রধান অবলম্বন নিয়ে আপনি কি করতে চান?

“বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম মতপ্রকাশের স্বাধীনতা বাড়ানোর পরিবর্তে স্বাধীনতা হ্রাস করছে দেখে আমি চিন্তিত। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় মাঝেমধ্যে এ ধরনের সিদ্ধান্ত নিতে দেখা যায়।”

ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আলোকচিত্রী নিক ইউটি-র দুনিয়া কাঁপানো ছবি- যেখানে নাপাম বোমার হাত থেকে বাঁচতে আতঙ্কিত কয়েকটি শিশুকে রুদ্ধশ্বাসে দৌড়াতে দেখা যাচ্ছে, শিশুদের মধ্যে পুরোপুরি নগ্ন নয় বছর বয়সী কিম ফুকও রয়েছে। এই ছবির জন্য পুলিৎজার পুরস্কার পান নিক।

সম্প্রতি নরওয়ের লেখক টম এগল্যান্ড ওই ছবি দিয়ে ফেইসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে ‘যুদ্ধের ইতিহাস পরিবর্তনকারী সাতটি ছবি’ নিয়ে আলোচনা করা হয়।

ফেইসবুক কর্তৃপক্ষ এগল্যান্ডের পোস্টটি ডিলিট করে দেয় এবং নোটিস আকারে পাঠানো ব্যাখ্যায় বলে, “কোনও ছবিতে যদি মানুষের যৌনাঙ্গ বা নিতম্ব অথবা নারীর স্তন সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে তবে সেই ছবি সরিয়ে ফেলা হবে।”

এরপর দৈনিক অফটেনপোস্টেন পত্রিকায় এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায় এবং প্রতিবেদনটি ‘নাপাম গার্ল’ ছবিসহ পত্রিকার ফেইসবুক পাতায় পোস্ট করা হয়।

পরবর্তীতে ফেইসবুক কর্তৃপক্ষ এগলানের একাউন্ট বন্ধ করে দেয় এবং অফটেনপোস্টেন কে ওই ছবিটি সরিয়ে অথবা অস্পষ্ট করে দিয়ে প্রতিবেদনটি পোস্ট করতে বলে।

অফটেনপোস্টেন কর্তৃপক্ষ তার জবাব দেওয়ার আগেই ফেইসবুক কর্তৃপক্ষ ওই প্রতিবেদন ও ছবি পত্রিকাটির ফেইসবুক পাতা থেকে সরিয়ে ফেলে।

ফেইসবুকের এই সিদ্ধান্তের বিষয়ে হানসন বলেন, “তারা শিশু পর্নগ্রাফি ও যুদ্ধের স্মৃতি বহনকারী ঐতিহাসিক ছবির পার্থক্য করতে ব্যর্থ হয়েছে।

এমনকি তারা জ্ঞানগর্ভ আলোচনার জন্যও জায়গা দিতে ইচ্ছুক নয়।”

“নরওয়ের সর্বাধিক প্রচারিত পত্রিকার প্রধান সম্পাদক হওয়ার পরও আমার মনে হচ্ছে, নিজের কক্ষে বসে সম্পাদক হিসেবে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি আমার উপর বাধ্যবাধকতা আরোপ করছেন। আমার ধারণা, আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন।”