২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাকারবার্গের ‘জার্ভিস’-এ মর্গান ফ্রিম্যান

ফেইসবুক প্রধান জাকারবার্গের তৈরি এআই অ্যাসিসটেন্ট ‘জার্ভিস’-এ কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী অভিনেতা মর্গান ফ্রিম্যান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

জাকারবার্গ জানিয়েছেন, জনগণ তাকে বাছাই করেছে। চলতি মাসের শুরুতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর তারা জার্ভিস-এ কণ্ঠ দেওয়ার জন্য তাকে বাছাই করে, জানিয়েছে বিবিসি।

নিজের অবসর সময়ে এক বছর ধরে এআই সিস্টেমটি বানিয়েছেন জাকারবার্গ। তার তৈরি এআই মিউজিক বাছাই এবং চালু করতে পারে। এ ছাড়া ঘরের বাতি জ্বালানো, অতিথিকে শনাক্ত করা এবং সামনের দরজা খোলা হবে কিনা তাও সিদ্ধান্ত নিতে পারে এই জার্ভিস।

জার্ভিস-এর জন্য কণ্ঠ বাছাই করতে ফেইসবুকে একটি পোস্ট দেন জাকারবার্গ। এরপরই ফ্রিম্যানকে তিনি জিজ্ঞাসা করেন, “আমি ফেইসবুকে এটি পোস্ট করেছি এবং হাজারো মানুষ এখানে আপনার কণ্ঠ চায়। আপনি কি এটি করবেন?”

জবাবে ফ্রিম্যান বলেন, “হ্যাঁ, অবশ্যই।”

এর আগে এআই অ্যাসিসটেন্টগুলোতে নারী কণ্ঠ ব্যবহার করায় বেশ সমালোচনাও শোনা গেছে।

জার্ভিস উন্মোচনকালে  জাকারবার্গ বলেন, “আমি এ বছর যা কিছু করেছি প্রাকৃতিক ভাষা, মুখ শনাক্তকরণ, কণ্ঠ শনাক্তকরণ এবং অন্যান্য সবই মূলত প্যাটার্ন শনাক্তকরণ কৌশলের ভিন্ন ভিন্ন রূপ। কিন্তু আমি যদি আরও এক হাজার ঘন্টাও এতে ব্যয় করি সম্ভবত আমি এমন সিস্টেম তৈরি করতে পারবো না যেটি নিজে থেকেই নিজের দক্ষতা শিখতে পারবে।”

তার এই প্রকল্পই ভবিষ্যতে প্রতিষ্ঠানের নতুন পণ্য হতে পারে এমনটাই আভাস দিয়েছেন তিনি।