সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ‘ভাতিজাদের হাতে’ প্রাণ গেল চাচার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের মধুখালী উপজেলার বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে ভাতিজাদের আঘাতে এক ব্যক্তি প্রাণ গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি শুকদেব রায় জানিয়েছেন।
নিহত ৪৭ বছর বয়সী মোহাম্মদ জাহিদুল বিশ্বাস ওই গ্রামের বদিউল আলম বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় অভিযোগের মুখে থাকা দুজন হলেন- আমোদ আলী বিশ্বাসের ছেলে নিহতের দুই ভাতিজা শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
স্থানীয়রা বলছেন, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে জাহিদুল বিশ্বাস ও তার ভাতিজাদের মধ্যে বিরোধ হয়। জাহিদুলের দাবি ছিল, তার জায়গায় সিঁড়ি নির্মাণ করা হলে চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল কোদাল দিয়ে ভাতিজা শাকিলের মাথায় আঘাত করেন।
এর জেরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে চাচা জাহিদুলের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শুকদেব রায় বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
