২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডিপসিকের বার্ষিক আয় যাচ্ছে শত কোটি ডলারের দিকে

সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এ সর্বশেষ আয়ের পরিসংখ্যান তুলে ধরেছেন কোম্পানির প্রধান নির্বাহী লিয়াং ওয়েনফেং।

ডিপসিকের বার্ষিক আয় যাচ্ছে শত কোটি ডলারের দিকে

ডিপসিক শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতি ও নতুন এআই মডেলের কার্যক্রমও জোরদার করেছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 03:12 PM

Updated : 25 Sep 2026, 03:12 PM

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ডিপসিকের বার্ষিক আয়ের রান রেট ১০০ কোটি ডলারে পৌঁছেছে, যা কেবল কয়েক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি।

রেভিনিউ রান রেট বলতে স্বল্প সময়ের আয়কে একই হারে গোটা বছরের জন্য বিবেচনা করাকে বোঝায়। অর্থাৎ, ডিপসিকের বেলায়, চলতি আয়ের ধারা গোটা বছর বজায় থাকলে তা একশ কোটি ডলার পেরোবে। এই তথ্য বৃহস্পতিবার উঠে এসেছে ইনফরমেশনের প্রতিবেদনে।

ডিপসিক শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতি ও নতুন এআই মডেলের কার্যক্রমও জোরদার করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

গেল বছর ডিপসিকের বিভিন্ন এআই মডেল আমেরিকার এআই সক্ষমতা সংক্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করে প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তৈরি করেছিল। কোম্পানিটির দ্রুত অগ্রগতির চিত্রই এই পূর্বাভাষের মাধ্যমে ফুটে উঠেছে।

নিজেদের কার্যক্রম আরও প্রসারিত করতে শিগগিরই কোম্পানিটি শেয়ার বাজারে নাম লেখানোর পরিকল্পনা করছে।

ইনফরমেশনের প্রতিবেদন বলছে, সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এ সর্বশেষ আয়ের পরিসংখ্যান তুলে ধরেছেন কোম্পানির প্রধান নির্বাহী লিয়াং ওয়েনফেং।

এ সময় কোম্পানিটি ৭৪৫ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় দফার তহবিল সংগ্রহ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

আগামী অক্টোবরের মধ্যে ৫০০ বিলিয়ন ইউয়ান মূল্যায়নে এ তহবিল সংগ্রহ করা হবে। এ ছাড়া ‘সাংহাই স্টক এক্সচেঞ্জ’-এ নিজেদের সম্ভাব্য তালিকাভুক্তির প্রস্তুতিও নিচ্ছে ডিপসিক।

তাদের মডেলের দাম ২ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৫ গুণ পর্যন্ত বেড়ে যাওয়ায়ও ডিপসিকের রাজস্ব বা আয় বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রেখেছে।

তবে ইনফরমেশনের প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি রয়টার্স। বার্তা সংস্থাটির মন্তব্যের অনুরোধে সাড়াও দেয়নি ডিপসিক।

‘সাংহাই স্টক এক্সচেঞ্জ’-এর ‘স্টার মার্কেট’-এ সম্ভাব্য আইপিও বা শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে ‘সিটিসি সিকিউরিটিজ’কে নিয়োগ দিয়েছে চীনের উদীয়মান এ এআই স্টার্টআপ।

তবে এর সময়সীমা, মূল্যায়ন ও তহবিল সংগ্রহের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি বলে এ মাসেই রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল।

বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় ডিপসিকের প্রধান নির্বাহী লিয়াং ওয়েনফেং বলেছেন, কোম্পানিটি তাদের বেশিরভাগ সম্পদ নতুন মডেল উন্নয়নের পেছনে ব্যয় করছে।

এর মধ্যে মোট কম্পিউটিং সক্ষমতার ৭০ শতাংশের বেশি নতুন মডেল ট্রেনিংয়ের জন্য ও ৩০ শতাংশের কম আগের বা অন্য মডেলগুলো পরিচালনার জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে, এ মাসেই কোম্পানিটি তাদের সর্বশেষ মডেল ‘ডিপসিক-ভি৪.১-ফ্ল্যাশ’ বাজারে এনেছে।

কোম্পানিটি বলেছে, নতুন মডেলটি আরও বেশি সক্ষমতা, দ্রুততর ইনফারেন্স, উচ্চ থ্রুপুট ও বড় মডেলে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করেছে তারা।