০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মহাকাশে নতুন আবহাওয়া স্যাটেলাইট

আবহাওয়ার তথ্য আগের চেয়ে আরও ভালোভাবে পেতে মহাকাশে পাঠানো হয়েছে নতুন স্যাটেলাইট। জিওইএস-আর নামের এই স্যাটেলাইটের মাধ্যমে মেঘের “ঢেউ”-এর আরও পরিষ্কার ছবি পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 03:44 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

নতুন এই স্যাটেলাইটটি বাতাসের গতি, কুয়াশা, বরফ এবং বজ্রপাতে সম্পর্কেও ভালো তথ্য দেবে, জানিয়েছে বিবিসি। এই উদ্যোগকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছেন পাইলটরা। ২০১৭ সালের দ্বিতীয় অর্ধে এটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্যাটেলাইটটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত আবহাওয়া স্যাটেলাইট হিসেবে ধরা হচ্ছে। এই স্যাটেলাইটের মাধ্যমে হারিকেন, টর্নেডো, বন্যা, আগ্নেয়গিরির ছাই মেঘ, দাবানল, বজ্রপাত এবং সূর্যের অগ্নিতরঙ্গের মতো তথ্যগুলোও পাওয়া যাবে বলে দাবী করা হচ্ছে।

নোয়া-এর দেওয়া তথ্যমতে নতুন স্যাটেলাইটটি আগের সংস্করণের চেয়ে পাঁচ গুণ দ্রুত আকাশ স্ক্যান করতে পারবে এবং আগের থেকে চার গুণ ভালো ছবি তুলতে পারবে। স্যাটেলাইটটি তৈরি করতে খরচ হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার।

নতুন এই স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য দিয়ে পাইলট দূর্যোগপূর্ণ রুট পরিহার করতে পারবে বলেও জানানো হয়। জিওইএস-আর প্রকল্পের জ্যেষ্ঠ বিজ্ঞানী স্টিভেন গুডম্যান জানান, এর আগে স্যাটেলাইটগুলো মেঘের বিস্তারিত ছবি ধারণ করতে পারত না। কিন্তু নতুন স্যাটেলাইট মিনিটের ব্যবধানে পরিষ্কার ছবি পাঠাতে পারে।

“১৫ থেকে ৩০ মিনিট আগের আবহাওয়ার বদলে বর্তমান সময়ে আবহাওয়া কেমন সেটির তথ্য দেবে এই স্যাটেলাইট।”

এই প্রকল্পের জন্য নাসার সঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করেছে নোয়া, যেখানে কর্মীর সংখ্যা ছিল আট হাজার। দুই সপ্তাহের মধ্যে ২২৩০০ মাইল দূরের অরবিটে পৌঁছানোর কথা রয়েছে স্যাটেলাইটটির।