২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পকেটে নোট ৭ বিস্ফোরণ, মামলায় স্যামসাং

প্যান্টের পকেটে রাখা ছিল গ্যালাক্সি নোট ৭, হঠাৎ হয়ে গেল বিস্ফোরণ, পুড়ে গেল শরীর- এমন ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক অধিবাসী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

নোট ৭ ব্যাটারি ত্রুটি নিয়ে জোনাথন স্ট্রোবেল নামের ওই ব্যবহারকারীই হয়তো যুক্তরাষ্ট্রের প্রথম ব্যাক্তি যিনি দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করলেন, বলা হয়েছে রয়টার্স-এর এক প্রতিবেদনে।

স্যামসাং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ১০ লাখ নোট ৭ ফেরত চাওয়ার পর এই মামলা দায়ের করা হল। 

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতিনির্ধারকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ৯২টি ব্যাটারি ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২৬টি অভিযোগে শরীর পুড়ে যাওয়ার আর ৫৫টি অভিযোগ সম্পদ ক্ষতিগ্রস্থ হওয়ার। 

এ নিয়ে স্যামসাংয়ের মুখপাত্র ডেনিয়েল মেইস্টার কোহেন এক ইমেইলে বলেন, "আমরা চলমান মামলা নিয়ে মন্তব্য করি না। আমরা সব নোট ৭ মালিককে অনুরোধ করছি যাতে, তাদের ডিভাইসের পাওয়ার কমিয়ে রাখা হয় আর শিগগিরই বদলে নেওয়া হয়।"

৯ সেপ্টেম্বর এই নোট ৭ বিস্ফোরণের সময় ২৮ বছর বয়সী স্ট্রোবেল পাল বিচ গার্ডেনস-এর কস্টকো স্টোরের ছিলেন বলে জানান। তিনি জানান, ফোনটি থেকে তার প্যান্ট হয়ে সরাসরি আগুন ধরে যায়, আর এর ফলে তার ডান পায়ের অংশ পুড়ে যায়।

প্যান্ট থেকে ফোনটি সরাতে চেষ্টার পর তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিও পুড়ে যায় বলে জানান তিনি।

স্ট্রোবেল-এর আইনজীবী কিথ পিয়েরো বলেন, "তার শরীর সেকেন্ড-ডিগ্রিতে গভীরভাবে পুড়ে গেছে, আর তার ডান উরুতে প্রায় ওই ফোনের আকৃতির সমান অংশ পুড়ে যায়। দূর্ভাগ্যবশত আমার মক্কেলের জন্য ফেরত নেওয়ার ডাক আসাটা অনেক দেরি হয়ে গেছে।"

এই মামলায় চিকিৎসা খরচ, হারানো অর্থ, ব্যাথা, কষ্ট আর অন্যান্য আঘাতের কথা বিবেচনা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাম বিচ কাউন্টি-এর ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতে এই মামলা করা হয়েছে।