২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসঙ্গ এআই: দুই গবেষণা বিভাগ একত্র করছে অ্যালফাবেট

নতুন এই বিভাগের নেতৃত্ব দেবেন ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস। বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে অ্যালফাবেট সিইও সুন্দার পিচাই বলেন, এর চালু হওয়া ‘সাধারণ এআই’র সাহসী ও দায়িত্বশীল উন্নয়ন’ নিশ্চিত করবে।

প্রসঙ্গ এআই: দুই গবেষণা বিভাগ একত্র করছে অ্যালফাবেট

ছবি: গুগল ডটএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 04:05 PM

Updated : 24 Apr 2023, 04:12 PM

ওপেনএআই’র চ্যাটবট চ্যাটজিপিটির মতো প্রতিন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে ‘গুগল ব্রেইন’ ও ‘ডিপমাইন্ড’ নামে পরিচিত কোম্পানির দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা বিভাগ সমন্বিত করার ঘোষণা দিয়েছে গুগলের মালিক কোম্পানি অ্যালফাবেট।

নতুন এই বিভাগের নেতৃত্ব দেবেন ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস। বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে অ্যালফাবেট সিইও সুন্দার পিচাই বলেন, এই পরিবর্তন ‘সাধারণ এআই’র সাহসী ও দায়িত্বশীল উন্নয়ন’ নিশ্চিত করবে।

সামনে এগিয়ে যেতে অ্যালফাবেট কর্মীরা ওপেনএআই’র সাম্প্রতিক মডেল জিপিটি ৪-এর মতো ‘মাল্টিমোডাল’ এআই নিয়ে কাজ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। আর এটি কেবল বিভিন্ন টেক্সট প্রম্পট ও ছবির ইনপুটের জবাবই দেয় না, বরং নতুন কনটেন্টও তৈরি করতে পারে।

সার্চ ইঞ্জিনের বাজারে বেশ কয়েক দশক ধরে একচেটিয়া রাজত্ব করছে গুগল। বাজারের ৮০ শতাংশই দখল করে আছে কোম্পানিটি। তবে ওয়াল স্ট্রিটের শঙ্কা, দ্রুত বর্ধনশীল এআই’র দৌড়ে মাইক্রোসফটের চেয়ে পিছিয়ে পড়তে পারে অ্যালফাবেট। প্রতিদ্বন্দ্বী এই সফটওয়্যার নির্মাতার বিং সার্চ ইঞ্জিনের আপডেট করা সংস্করণে ব্যবহৃত হয়েছে ওপেনএআই’র প্রযুক্তি, যেটির অর্থায়ন করেছে মাইক্রোসফট নিজেই।

চ্যাটজিপিটি’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি অ্যালফাবেট নিজস্ব চ্যাটবট ‘বার্ড’ চালু করলেও এক প্রচারণামূলক ভিডিও’তে ভুল তথ্য শেয়ার করায় একই দিনে ১০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারায় কোম্পানিটি। আর কোম্পানির আয়োজনও তেমন সাড়া ফেলতে পারেনি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

বৃহস্পতিবার অ্যালফাবেটের শেয়ারমূল্য বেড়েছে দুই শতাংশ।