২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত ডেটা শেয়ার করবে ইউরোপ-যুক্তরাষ্ট্র, মামলার প্রস্তুতি

এর আগে প্রাইভেসির কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ’র ডেটা শেয়ারিংয়ের আইনি কাঠামো তৈরির দুটি প্রচেষ্টা নাকচ করে দিয়েছিল ইউরোপীয় আদালত।

ব্যক্তিগত ডেটা শেয়ার করবে ইউরোপ-যুক্তরাষ্ট্র, মামলার প্রস্তুতি

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 02:21 PM

Updated : 12 Jul 2023, 02:21 PM

আটলান্টিক মহাসাগরের দুই তীরে সরকারি পর্যায়ে ব্যক্তিগত ডেটা স্থানান্তর আইনসিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন এক চুক্তির ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। আর, এর বিরুদ্ধে আইনী চ্যালেঞ্জ জানানোর কথা বলছেন প্রাইভেসি সমর্থক অধিকারকর্মীরা।

এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইইউ’র কর্মকর্তারা। আর, এর মাধ্যমে ইউরোপীয় ডেটায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রবেশাধিকারের বিষয়টিও সুরাহা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

মেটা ও গুগল’সহ নানা প্রযুক্তি জায়ান্টের যুক্তরাষ্ট্রে তথ্য পাঠানো চালিয়ে যাওয়ার বিষয়টিও নিশ্চিত হয়েছে এই চুক্তির মাধ্যমে।

এর আগে প্রাইভেসির কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ’র ডেটা শেয়ারিংয়ের আইনি কাঠামো তৈরির দুটি প্রচেষ্টা নাকচ করে দিয়েছিল ইউরোপীয় আদালত।

সোমবারের এই চুক্তির লক্ষ্য, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার নিয়ে ইউরোপীয় শঙ্কা দূর করা।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এড়াতে আমেরিকান নাগরিকদের কাছে আইনি উপায় থাকলেও, বিদেশী নাগরিকদের বেলায় সেটি প্রযোজ্য নয়।

ইউরোপীয় নাগরিকরা যদি সন্দেহ করেন যে আমেরিকান গোয়েন্দারা তাদের তথ্য সংগ্রহ করেছেন তবে তারা আপত্তি জানানোর সুযোগ পাবেন।

আর এই আপত্তি নিষ্পত্তি করার জন্য মার্কিন বিচারকদের নিয়ে ‘ডেটা প্রোটেকশন রিভিউ আদালত’ গঠনের কথাও উল্লেখ রয়েছে চুক্তিতে।

মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই চুক্তিতে ‘কেবল প্রয়োজনীয় ও আনুপাতিক’ ডেটা সংগ্রহের প্রতিশ্রুতি রয়েছে।

ইইউ’র জাস্টিস কমিশনার দিদিয়ের রেনডার্স বলেন, ‘শক্তিশালী’ এই চুক্তির মানে দাঁড়ায়, ব্যবহারকারীর ‘ব্যক্তিগত ডেটা এখন অবাধে ও নিরাপদে’ ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া যাবে।

তবে অস্ট্রিয়ার প্রাইভেসি অ্যাক্টিভিস্ট ম্যাক্স স্ক্রেমস নেতৃত্বাধীন অলাভজনক সংগঠন ‘নান অফ ইয়োর বিজনেস (এনওওয়াইবি)’ এই চুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্ক্রেমস বলেন, “কোনো কিছুকে কেবল ‘নতুন’, ‘ক্ষমতাধর’, ‘কার্যকর’ বলে ঘোষণা দিলেই তা আদালতে বৈধতা পেয়ে যাবে, বিষয়টি এমন নয়।”

“একে কার্যকর করতে হলে মার্কিন নজরদারি আইন বদলাতে হবে। আর সহজ ভাষায়, সেটা আমাদের হাতে নেই।”

এর আগে ফেইসবুকের ডেটা স্টোরেজ নিয়েও চ্যালেঞ্জ করেছেন স্ক্রেমস। সে সময় তিনি বলেন, এটি তার ইউরোপীয় প্রাইভেসি অধিকারকে লঙ্ঘন করে। আর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালতও তার সঙ্গে একমত ছিল। 

২০২২ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করেন। এর লক্ষ্য ছিল মার্কিন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো প্রয়োজনে যেন অবাধে ইউরোপীয় নাগরিকদের ডেটা সংগ্রহ করা সম্ভব হয়।

প্রাইভেসির বিষয়েইইউ’র তুলনায় যুক্তরাষ্ট্রের আইন কিছুটা শিথিল।

মে মাসে ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা যুক্তরাষ্ট্রে স্থানান্তর বন্ধের আদেশ দিয়ে ফেইসবুকের মালিক কোম্পানি মেটাকে ১৩০ কোটি ডলার জরিমানা করে ইইউ।

এর আগে মেটা হুমকি দিয়েছে, আইনি কাঠামোর মাধ্যমে ডেটা স্থানান্তর সম্ভব না হলে তারা ইউরোপে নিজেদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।