২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেজস্ক্রিয় ম্যাগমার আবরণে ‘বড় দেখায়’ মঙ্গলের কেন্দ্র

নতুন হিসাব অনুসারে, মঙ্গলের মূল কেন্দ্রের ব্যাসার্ধ এক হাজার ৬৩০ থেকে এক হাজার ৭০৫ কিলোমিটার।

তেজস্ক্রিয় ম্যাগমার আবরণে ‘বড় দেখায়’ মঙ্গলের কেন্দ্র

ছবি: নাসা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 10:43 AM

Updated : 27 Oct 2023, 10:43 AM

মঙ্গল গ্রহের অভ্যন্তরীণ স্তর নিয়ে যুগান্তকারী তথ্য প্রকাশ করেছে নাসার ‘ইনসাইট’ ল্যান্ডার।

২০২১ সালে মঙ্গলের বুকে আছড়ে পড়া এক উল্কার প্রভাব পরিমাপ করেছিল ল্যান্ডারটি। এর মাধ্যমে মঙ্গল গ্রহ সংশ্লিষ্ট কিছু বিভ্রান্তি দূর হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

২৬ অক্টোবর ‘নেচার’ জার্নালে প্রকাশিত দুটি গবেষণায় উঠে আসে, লাল রঙের গ্রহটির লোহা সমৃদ্ধ মূল কেন্দ্র আকারে ছোট হলেও এর আশপাশে থাকা গলিত ম্যাগমার কারণে এটিকে অনেকটা বড় দেখায়।

বর্তমানে বিলুপ্ত এই ল্যান্ডারটি মঙ্গল গ্রহে অবতরণ করেছিল ২০১৮ সালের নভেম্বরে। আর মঙ্গলের পৃষ্ঠের কম্পন রেকর্ড করে এর ভেতরের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য গ্রহটিতে চার বছর সময় কাটিয়েছে এটি।

তবে, ইনসাইটের প্রাথমিক অনুমানের সঙ্গে নতুন তথ্যের মিল খুঁজে পাওয়া যায়নি। সে সময়ের হিসাবে, মঙ্গলের কেন্দ্রের ব্যসার্ধ ছিল প্রায় এক হাজার আটশ থেকে এক হাজার ৮৫০ কিলোমিটার। আর এতে ভারী তরল লোহার পাশাপাশি হালকা উপাদানও ছিল।

“তবে, ওইসব হালকা উপাদানের সংখ্যা ‘অসম্ভবের কাছাকাছি ছিল।” --বলেন গবেষণা সংস্থা ইটিএইচ জিউরিখের গবেষক ও গবেষণাটির সহ-লেখক ডংইয়াং হুয়াং।

“আমরা এর পর থেকেই এই ফলাফল আমাদের ভাবাচ্ছে।”

তবে, ২০২১ সালে একটি উল্কা মঙ্গলে আঘাত হানার পর হিসাব পাল্টে যায়। ইটিএইচ জুরিখের শিক্ষার্থী সিসিলিয়া ডুরান বলেন, ওই আঘাতের পর এমন কম্পন সৃষ্টি হয়, যার মাধ্যমে ‘গ্রহটির কেন্দ্র পর্যবেক্ষণের’ সুযোগ মিলেছে।

নতুন হিসাব অনুসারে, মঙ্গলের মূল কেন্দ্রের ব্যাসার্ধ এক হাজার ৬৩০ থেকে এক হাজার ৭০৫ কিলোমিটার। গবেষণা দল বলছে, এ সংখ্যা মঙ্গলের মূল ব্যসার্ধের অর্ধেক।

আর এর ভেতরের কেন্দ্র আরও ঘন হতে পারে। এর মানে, এর ভেতরে হালকা উপাদান সম্ভবত আরও কম রয়েছে।

গবেষণা দলের তথ্য অনুসারে, মঙ্গলের মূল কেন্দ্রকে আবৃত করে রেখেছে ১৪৪ কিলোমিটারের গলিত সিলিকেটের স্তর। আর এতে এমন কিছু উপাদান থাকতে পারে, যা পৃথিবীর গভীরে নেই।

‘ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড’-এর ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও দ্বিতীয় গবেষণাপত্রের সহ-লেখক ভাড্রান লেকিচ বলছেন, সিলিকেটের স্তরটি মঙ্গলের কেন্দ্রের জন্য ‘গরম বালিশ’ হিসেবে কাজ করে। আর এর মধ্যে আছে বিভিন্ন ‘তেজস্ক্রিয় উপাদান’। এই গবেষণার মাধ্যমে মঙ্গলের গঠন প্রক্রিয়া ও এর সক্রিয় চৌম্বকীয় ক্ষেত্রের ঘাটতির মতো অজানা প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।