১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআইয়ের সাহায্যে সাড়ে ১৭ লাখ ক্ষতিকর অ্যাপ সরাল গুগল

অত্যাধুনিক ‘জেনারেটিভ এআই’ মডেল ব্যবহারের ফলে এখন আগের চেয়ে দ্রুত ক্ষতিকর অ্যাপের ধরন বা প্যাটার্ন শনাক্ত করতে পারছেন গুগলের কর্মীরা।

এআইয়ের সাহায্যে সাড়ে ১৭ লাখ ক্ষতিকর অ্যাপ সরাল গুগল
গুগলের অ্যান্ড্রয়েড সুরক্ষা ব্যবস্থা প্রায় দুই কোটি ৭০ লাখ নতুন ক্ষতিকর অ্যাপ শনাক্ত করেছে। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 10:39 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় ২০২৫ সালে প্রায় সাড়ে ১৭ লাখ ক্ষতিকর অ্যাপ ব্লক করেছে গুগল। উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে প্লেস্টোরে ক্ষতিকর অ্যাপ আসার হারও আগের চেয়ে কমেছে।

গুগল বলেছে, এআইয়ের সহায়তায় ২০২৫ সালে তারা নীতি অমান্য করা সাড়ে ১৭ লাখ অ্যাপ ব্লক করেছে। ২০২৪ সালে এ সংখ্যাটি ছিল সাড়ে ২৩ লাখ, অর্থাৎ গত বছরের তুলনায় এ সংখ্যা এবার অনেকটাই কমেছে।

মার্কিন সার্চ জায়ান্টটি বলেছে, এ সংখ্যা কমে যাওয়ার মূল কারণ তাদের ‘এআইচালিত বহুস্তরের সুরক্ষা ব্যবস্থা’। এ উন্নত প্রযুক্তির কারণে অসাধু ব্যক্তি বা নির্মাতারা এখন আর ক্ষতিকর অ্যাপ প্রকাশের সাহস পাচ্ছেন না।

কোম্পানিটি আরও বলেছে, এখন প্রতিটি অ্যাপের ক্ষেত্রে ১০ হাজারেরও বেশি নিরাপত্তা পরীক্ষা চালানো ও বিভিন্ন অ্যাপ প্লেস্টোরে প্রকাশিত হওয়ার পরেও নিয়মিত সেগুলো পুনরায় পরীক্ষা করা হচ্ছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, অত্যাধুনিক ‘জেনারেটিভ এআই’ মডেল ব্যবহারের ফলে গুগলের কর্মীরা এখন আগের চেয়ে দ্রুত ক্ষতিকর অ্যাপের ধরন বা প্যাটার্ন শনাক্ত করতে পারছেন।

এ ছাড়া, ১৬ কোটি স্প্যাম রেটিং ব্লক করেছে গুগল। ফলে যেসব অ্যাপ ‘রিভিউ বোম্বিং’ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ রেটিং দেওয়ার শিকার হয়েছিল সেগুলোর গড় রেটিং শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কমে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।

২০২৫ সালে দুই লাখ ৫৫ হাজার অ্যাপকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে অতিরিক্ত অ্যাক্সেস নেওয়া থেকে দূরে রেখেছে গুগল, যা আগের বছরের ১৩ লাখের তুলনায় অনেক কম।

এদিকে, গুগলের অ্যান্ড্রয়েড সুরক্ষা ব্যবস্থা ‘গুগল প্লে প্রটেক্ট’ প্রায় দুই কোটি ৭০ লাখ নতুন ক্ষতিকর অ্যাপ শনাক্ত করেছে। এসব অ্যাপ সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক ও সরাসরি তা চালু হতে বাধা দিয়েছে গুগলের সুরক্ষা ফিচারটি।

গুগল আরও বলেছে, তাদের এ উন্নত জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা এখন ১৮৫টি দেশের ২৮০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইসে সচল রয়েছে।

এ ছাড়া, গত এক বছরে ২৬ কোটি ৬০ লাখ ঝুঁকিপূর্ণ ‘সাইড লোডিং’ বা প্লেস্টোর বাদে অন্য সোর্স থেকে অ্যাপ ইনস্টলের প্রচেষ্টাকেও ঠেকিয়েছে গুগল।

ব্লগ পোস্টে গুগল বলেছে, “ডেভেলপার ভেরিফিকেশন বা পরিচয় নিশ্চিতকরণ, বাধ্যতামূলক প্রি রিভিউ চেক ও টেস্টিংয়ের মতো বিভিন্ন উদ্যোগ গুগল প্লে ইকোসিস্টেমের মানকে উন্নত করেছে। ফলে অসাধু ব্যক্তিদের প্রবেশের বিভিন্ন পথ কমেছে।

“নতুন ও উদীয়মান বিভিন্ন হুমকি ঠেকানোয় এগিয়ে থাকতে এ বছরও আমরা এআইচালিত সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অব্যাহত রাখব। সেইসঙ্গে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের এমন সব টুল সরবরাহ করব, যা তাদের নিরাপদ অ্যাপ তৈরিতে সাহায্য করবে।”