২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রেডস কি আসলেই টুইটারের জন্য হুমকি হবে?

নতুন সামাজিক মাধ্যম অ্যাপ থ্রেডস। আছে প্রচুর ‘পুরোনো’ ব্যবহারকারী। যোগ দিতে হয় ইনস্টাগ্রাম হয়ে, কিন্তু চেহারা টুইটারের। কী হতে যাচ্ছে এটি?

থ্রেডস কি আসলেই টুইটারের জন্য হুমকি হবে?

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 06:05 PM

Updated : 08 Jul 2023, 02:01 PM

থ্রেডস-এর ইন্টারফেইস দেখে প্রথম প্রতিক্রিয়া কী হতে পারে? যারা বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করেন, তাদের মনে প্রশ্ন জাগতেই পারে- মেটা চাইলেই কি এমন করতে পারে? এটা কি একেবারে ‘মেরে দেওয়া’ নয়?

হ্যাঁ, অ্যাপটিকে মনে হতে পারে হুবহু টুইটার। অক্ষরের সীমা, রিপোস্টিং, এবং ফিড, সবকিছু বিস্ময়করভাবে একই রকম।

কী হতে যাচ্ছে এই অ্যাপের ভবিষ্যত? প্রথম দর্শনে উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি।

মার্ক জাকারবার্গ দাবি করেছেন, এতে প্রথম কয়েক ঘণ্টায় যোগ দিয়েছেন এক কোটি ব্যবহারকারী। যখনই কোনো প্রযুক্তি কোম্পানির প্রধান ব্যবহারকারীর সংখ্যা নিয়ে কিছু বলেন তখনই সংশয় আসতে পারে, তবে মনে হচ্ছে ইতোমধ্যেই প্রচুর মানুষ পাড়ি জমিয়েছেন থ্রেডসের তল্লাটে।

একটা বড় কারণ অ্যাপটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত। আপনার যদি এরমধ্যেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকে তবে এই নতুন অ্যাপটি আপনি যাদেরকে ইনস্টাগ্রামে ফলো করেন, তাদের সবাইকে ফলো করার অপশন দেবে।

শুধু তা-ই নয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার ফলোয়াররা এই প্ল্যাটফর্মটিতে এলে তারাও স্বয়ংক্রিয়ভাবে আপনার ফলোয়ার হয়ে যাবেন।

ছোট ছোট স্টার্টআপের তুলনায় এভাবেই বড় প্রযুক্তি কোম্পানিগুলো সুবিধা ভোগ করে, আর এখানেও জাকারবার্গ একটি চতুর চাল দিলেন।

শূন্য থেকে একটি অ্যাপ শুরু করার বদলে ইতোমধ্যেই শতকোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিয়ে তার থ্রেডস অ্যাপের যাত্রা শুরু করল মেটা।

ব্লুস্কাই এবং মাস্টোডনের মতো প্ল্যাটফর্মের এমন আরাম ছিল না। তাদের শুরু করতে হয়েছে গ্রাহকশূন্য অবস্থা থেকেই।

জাকারবার্গ মাঝেমধ্যেই বিভিন্ন অ্যাপ থেকে হুবহু নকল করেন এবং সেটা  “ন্যায়” হলো কি-না সেটা তিনি মোটেও পরোয়া করেন না। উদাহরণ হিসাবে বলা যায়, রিলস এসেছে টিকটক থেকে। অনুমান করা যেতে পারে, তার এই অভ্যাস ভবিষ্যতেও থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

তারকাখ্যাতি সম্পর্কে ভালই ওয়াকিবহাল জাকারবার্গ। গ্রাহকদের থ্রেডসে টানতে তিনি ইনস্টাগ্রামে শাকিরা ও গর্ডন রামজির মতো তারকাদের খ্যাতি ব্যবহার করেছেন।

অ্যাপটিকে ঘিরে শোরগোল জাকারবার্গের মুখের হাসি বিস্তৃত হবে- সন্দেহ নেই। যখন আলাপটা সামাজিক মাধ্যম নিয়ে তখন পুরো উদ্দেশ্যটাই ‘নেটওয়ার্ক ইফেক্ট’ তৈরি করা। যত বেশি ব্যবহারকারী, অ্যাপটি ততই উন্নত হবে, ততই এর ক্ষমতা বাড়বে।

সামাজিক মাধ্যমে নেটওয়ার্কিংয়ের একধরনের ক্ষমতা আছে। যখন আপনার কথা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তখন সেই অনুভূতি আপনাকে সেই মাধ্যমে ধরে রাখবে।

কোনো সামাজিক মাধ্যমে এই নেটওয়র্কিং সক্ষমতা তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়। কিন্তু একবার তৈরি হয়ে গেলে তখন সেটি খুবই কাজে দেয়। আবার উল্টোটাও হতে পারে, তখন দলবেঁধে সবাই প্ল্যাটফর্মটি ছেড়ে চলে যায়। এমনটাই ঘটেছে মাইস্পেইস এবং বেবোর ভাগ্যে।

এবার টুইটারের তুলনায় থ্রেডসের কিছু সীমাবদ্ধতা নিয়ে কথা বলা যাক। সবচেয়ে বড় সীমাবদ্ধতা সম্ভবত এর একটিমাত্র ফিড থাকার বিষয়টি।

টুইটারে ফিড দুটো, একটি ফিডে টুইটার নিত্যনতুন টুইট দেখার পরামর্শ দেবে, অন্য একটিতে আপনার ফলো করা অ্যাকাউন্টগুলোর টুইট দেখা যায়।

কিন্তু থ্রেডসের ক্ষেত্রে দুটো মিলেমিশে একজায়গায় হয়ে গেছে, ব্যাপারটা হয়তো কারো কারো জন্য বিরক্তিকর।

ডেস্কটপে চালানোর সুবিধা যুক্ত হয়নি এখনও, যার অর্থ কম্পিউটার থেকে চালানো যাবে না, সেটি একটি বড় সীমাবদ্ধতা।

এখানে কোনো ট্রেন্ডিং বাটন নেই, যার অর্থ ভাইরাল হওয়া কোনো কিছু এখানে দেখা যাবে না।

এখানে মেসেজ চালাচালি করা যাবে না, যা টুইটারে করা যায়।

ভেরিফিকেশনের বেলাতেও টুইটার এগিয়ে। সেখানে মাসিক ফিয়ের বিনিময়ে নামের পাশে নীল টিক পাওয়া যায়।

যাদিও প্রথমদিনেই অনেকেই থ্রেডসে যোগ দিয়েছে, চারদিকে শোরগোলও চলছে বেশ। কিন্তু এখনও টুইটারের তুলনায় থ্রেডস আকারে যথেষ্ট ছোট, তাই এখনি আপনার পোস্ট অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে হলে থ্রেডসের তুলনায় টুইটারই এগিয়ে।

জাকারবার্গ অ্যাপটিকে বর্ণনা করেছেন ‘প্রাথমিক’ সংস্করণ বলে, আর অ্যাপটির অভিজ্ঞতাও তা-ই বলে। প্রাথমিক উপাদানগুলো এতে বেশ ভালোভাবে থাকলেও এখন পর্যন্ত অ্যাপটিতে একদমই নজরকাড়া নতুন কিছু নেই।

এ সবের পর অ্যাপটি এতদূর পর্যন্ত এগোতে পেরেছে দেখে মেটার সিইও খুশিতে আত্মহারা হতেই পারেন। তার যে পরিমাণ সমালোচনা গত কয়েক বছরে হয়েছে, এরপর তিনি নিজেকে নতুন করে তৈরি করতে, নতুন প্রতিশ্রুতি নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করতে চাইছেন। একজন বুঝদার প্রযুক্তি বিলিওনেয়ার, যিনি একটি বন্ধুত্বপূর্ণ সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করতে চান।

জাকারবার্গের এই উদ্যোগ ইলন মাস্ককে ভাবিয়েছে। তার সাম্প্রতিক টুইটগুলো দেখলে সেটা আঁচ করা যায়। আর এদিকে, যদি জাকারবার্গ ভয় পেয়ে থাকেন যে টুইটারের ওপর বিরক্ত গ্রাহকেরা মেটার অ্যাপ দেখে নাক শিটকাবেন, সেটা আসলে হয়নি।

আর, যদি অ্যাপটি ঠিকঠাক চলে, আসলেই যদি খুব ভালোভাবে কাজ করে যায়, তবে তা সম্ভবত মাস্কের কপালে ভাঁজ ফেলবে, মাথাব্যাথার কারণ হবে।