২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবহৃত গুঁড়া কফি যোগ করতেই বেড়ে গেল কংক্রিটের দৃঢ়তা

নির্দিষ্ট অনুপাতে ব্যবহৃত কফির গুঁড়া বালির সঙ্গে মেশালে আরও দৃঢ় হয় কংক্রিট— সেটি আবিষ্কার করেছেন গবেষকদের একটি দল।

ব্যবহৃত গুঁড়া কফি যোগ করতেই বেড়ে গেল কংক্রিটের দৃঢ়তা

ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 04:11 PM

Updated : 25 Aug 2023, 06:59 PM

জনপ্রিয় পানীয় কফি। এতে থাকা ক্যাফেইন কর্মক্ষমতা বাড়ায়, সতেজ করে – এমনটাই জানা ছিল এতোদিন। এখন আরও জানা গেল, ব্যবহৃত কফি বিনের গুঁড়া নিরেট কংক্রিটেরও ক্ষমতা বাড়াতে পারে।

নির্দিষ্ট অনুপাতে ব্যবহৃত কফির গুঁড়া বালির সঙ্গে মেশালে আরও দৃঢ় হয় সেটি, আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার আরএমআইটির একটি গবেষক দল।

প্রতি বছর মানুষ চারশো ৪০ টন কংক্রিট ব্যবহার করে, যাতে দরকার পরে প্রায় আটশো টনের মতো বালি। এর মানে হচ্ছে, দিন দিন কমছে নির্মাণ কাঁচামাল। এর বিপরীতে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় এক হাজার টন ব্যবহৃত কফির গুঁড়া উপজাত হিসাবে সৃষ্টি হয়।

“জৈব বর্জ্য থেকে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডসহ নির্গত হয় গ্রিন হাউজ গ্যাস, প্রভাব পড়ে জলবায়ু পারিবর্তনে। তাই জৈব বর্জ্য একটি পরিবেশগত ঝুঁকি।” বলেছেন দলটির প্রধান গবেষক, আরএমআইটির প্রকৌশল অনুষদের ড. রাজিভ রয়চান্দ।

সেই সঙ্গে তিনি যোগ করেন, কেবল অস্ট্রেলিয়াতেই প্রতি বছর প্রায় ৭৫ হাজার টন ব্যবহৃত কফির গুঁড়া তৈরি হয়, যা জমি ভরাটে কাজে লাগানো হয়।

ব্যবহৃত কফির গুঁড়াতে আরও অন্যান্য জৈব উপাদান থাকে সেটিকে সরাসরি ভাবে কংক্রিটের কাঁচামাল হিসাবে ব্যবহার করা যায় না, ব্যাখ্যা করেন ড. রয়চান্দ। উপাদানটিকে আরও ব্যবহার উপযোগী করতে দলটি সেটিকে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিভিন্ন তাপমাত্রায় পাইরোলাইজিংয়ের মাধ্যমে পরীক্ষা করেন। আদর্শ মিশ্রণ খুঁজে পেতে তারা আয়তন অনুপাতে পাঁচ, ১০, ১৫ এবং ২০ শতাংশ পরিমাণে ব্যবহৃত কফির গুঁড়াকে বালির বিকল্প হিসাবে ব্যবহার করেন।

৩৫০ ডিগ্রি সেলসিয়াসকে আদর্শ তাপমাত্রা হিসাবে পায় দলটি, যে তাপমাত্রায় “কফির জৈব বর্জ্য মিশ্রিত কংক্রিটের দৃঢ়তা প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে।” – বলা হয়েছে ক্লিনার প্রোডাকশন সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত গবেষণাপত্রটিতে।

“কার্বন নিঃসরণ হ্রাস ও দৃঢ় কংক্রিট তৈরির পাশাপাশি বালির মতো প্রাকৃতিক সম্পদের খননের প্রভাবও হ্রাস করছি।” – বলেছেন ড. রয়চান্দ।

“ব্যবহৃত কফির মতো জৈব বর্জ্যের রিসাইকল করার মাধ্যমে কংক্রিট শিল্প সম্ভবনাময় অবদান রাখতে পারে।” বলেছেন দলটির একজন সহ-গবেষক ড. শ্যানন কিলমার্টিন-লিঞ্চ (Shannon Kilmartin-Lynch)।

“আমাদের গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে, তবে এর থেকে জমি ভরাটে ব্যবহৃত জৈব বর্জ্য ব্যবহারের চমৎকার বিকল্প খুঁজে বের করেছে।” তার পরিবর্তে যদি সেগুলো প্রকৃতিতে বিয়োজিত হয় তবে তার থেকে অনেক বড় আকারের মিথেন গ্যাস নির্গত হবে, যা কার্বন ডাইঅক্সআইডের চেয়ে ২১ গুণ বেশি ক্ষতিকর।