Published : 08 Jul 2025, 05:27 PM
‘‘জ্যোতির্বিজ্ঞানকে বাংলাদেশে জনপ্রিয় করতে গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। আর তারই ধারাবাহিকতায় সিলেটে আয়োজিত হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর সিলেট বিভাগের প্রতিযোগিতা” – বলছিলেন বিজিত কুমার ভট্টাচার্য্য।
অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর সিলেট বিভাগের আহ্বায়ক এই অধ্যাপক আয়োজনের বিস্তারিত সোমবার তুলে ধরেন এক মতবিনিময় সভায়।
এবারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর হতে যাচ্ছে। আর এর আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে নগরীর চৌহাট্টায় সিলেট সরকারি মহিলা কলেজে।
সিলেটের মতোই দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে আয়োজিত হবে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত তিনশ ছাত্র-ছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ আয়োজিত হবে তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প।
জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন প্রতিযোগী নিয়ে এই পর্বটি অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার পর শীর্ষ পাঁচ জন প্রতিযোগীকে বাছাই করবে আয়োজক সংগঠনটি।
এই ৫ জন প্রতিযোগী এ বছর ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ ছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।’’
সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন সিলেটের সংগঠক কালাম জুবায়ের নিশাদ, ফুজায়েল আহমদ প্রমুখ।