Published : 01 May 2026, 04:26 PM
আইফোন ব্যবহারকারীদের জন্য ছবি এডিটিংয়ের অভিজ্ঞতা বদলে দিতে বড় পরিকল্পনা করছে অ্যাপল। এ বছরের আইওএস ২৭ আপডেটে যোগ হতে যাচ্ছে এআইচালিত ফটো এডিটিং টুল।
নতুন এসব টুলের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি তোলার পর সেটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ছবির মান উন্নত করা ও ফ্রেম ঠিক করার মতো ফিচার পাবেন, যা সরাসরি গুগল ও স্যামসাংয়ের এআই প্রযুক্তিকে টক্কর দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদে সাইট এনগ্যাজেট।
রিপোর্ট অনুসারে, অ্যাপল এ বছরের আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭ ও ম্যাকওএস ২৭ এর মাধ্যমে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর বিভিন্ন ত্রুটি সংশোধন এবং এর কার্যক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।
কোম্পানির এসব এআই আপডেট কেবল সিরি অ্যাসিস্ট্যান্টকে আরও উন্নত করার মধ্যেই থেমে থাকবে না।
মার্কিন বাণিজ্য প্রকাশণা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ বছরের বিভিন্ন সফটওয়্যার আপডেটে এআইচালিত নতুন ফটো এডিটিং টুলও যোগ হবে। এতে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও ফ্রেম ঠিক করার মতো কাজ করতে পারবেন।
বর্তমানে অ্যাপলের অপারেটিং সিস্টেমগুলোতে থাকা ‘ফটোস’ অ্যাপ ব্যবহার করে ছবির স্যাচুরেশন ও কন্ট্রাস্ট ঠিক করা, ফিল্টার দেওয়া, ক্রপ করা বা ‘ক্লিন আপ’ টুলের মাধ্যমে এআই ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত বস্তু ছবি থেকে সরিয়ে ফেলার মতো কাজগুলো করা যায়।
নতুন এসব আপডেট আসার পর ‘ক্লিন আপ’ হবে বেশ কয়েকটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স টুল’ এর মধ্যে একটি। এর পাশাপাশি ব্যবহারকারীরা আরও কিছু নতুন সুবিধা পাবেন, যেমন জেনারেটিভ এআই ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড বাড়িয়ে নেওয়া, ছবির আলো ও গুণমান স্বয়ংক্রিয়ভাবে উন্নত করা এবং ছবি তোলার পর সেটির পারসপেক্টিভ বা অ্যাঙ্গেল পরিবর্তন করার মতো বিষয়।
এসব নতুন ফিচার বাজারে এলে অ্যাপলের ফটো-এডিটিং টুল গুগল ও স্যামসাংয়ের মতো প্রতিযোগীদের সমপর্যায়ে চলে আসবে। পুরোপুরি এআইনির্ভর ছবি তৈরির ক্ষেত্রে দুটি কোম্পানি এখনও অ্যাপলের চেয়ে এগিয়ে।
২০২৩ সালে আসা গুগলের ‘ম্যাজিক এডিটর’ ফিচারটি ব্যবহারকারীদের তাদের ছবিতে আমূল পরিবর্তন বা নতুন কিছু যোগ করার যে সুযোগ দিয়েছে তা এখনও খুবই জনপ্রিয়।
নতুন ফটো টুল ছাড়াও অ্যাপল গুগলের এআই চ্যাটবট জেমিনাই মডেলচালিত সিরি’র নতুন সংস্করণ, একটি স্বতন্ত্র ‘সিরি অ্যাপ’ ও বিভিন্ন অ্যাপের ভেতরে এআইচালিত সার্চ সুবিধা নিয়ে আসছে।
আগামী ৮ জুন অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে এসব নতুন ফিচারের বেশিরভাগই উন্মোচিত হওয়ার কথা।